বিশ্বকাপ সমাগত। উপমহাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে এখানকার ক্রিকেটপ্রেমীরা মূলত দুটি শিবিরে বিভক্ত। একদিকে ভারত, অন্যদিকে পাকিস্তান। সমর্থনের দিক থেকে দুই দলের ভক্তদের অবস্থান মুখোমুখি। আসছে বিশ্বকাপে কোন দল ভালো করবে—এ নিয়ে যখন সমর্থকদের মধ্যে চলছে উত্তপ্ত বিতর্ক, সেই উত্তাপের মধ্যে যেন জল ঢেলে দিলেন পাকিস্তানের দুই ক্রিকেটার। আসন্ন বিশ্বকাপে পাকিস্তানসহ যেকোনো দলের জন্য ভারত সবচেয়ে হুমকি বলে মনে করছেন সাঈদ আজমল ও সোহেল তানভির!‘ভারত, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। কারণ, তাদের রয়েছে শক্তিশালী দল’—গতকাল রোববার পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজার সঙ্গে একটি টেলিভিশন অনুষ্ঠানে বলেন অফস্পিনার সাঈদ আজমল।এরপর ভারতের কথা আলাদা করেই বলেছেন আজমল, ‘পাকিস্তান নকআউট পর্বে গেলে ভারতের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতের বিপক্ষে ম্যাচে বরাবরই অতিরিক্ত চাপ থাকে।’আজমলের সতীর্থ সোহেল তানভির মনে করেন, ‘বিশ্বকাপের হুমকি ভারত ও শ্রীলঙ্কা। এ প্রতিযোগিতায় ভারত ও শ্রীলঙ্কা দুটি দলই সবার জন্য বড় চ্যালেঞ্জ। আমি আত্মবিশ্বাসী, বিশ্বকাপে ভালো করবে পাকিস্তান। নকআউট পর্বে গিয়ে মূল হুমকি হয়ে দাঁড়াবে ভারত অথবা শ্রীলঙ্কা।’ ডেইলি টাইমস।