বিশ্বকাপে সবার আগে জাপান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানকে চোখ রাঙাচ্ছিল ঘরের মাঠে হারের শঙ্কা। ৯০ মিনিটে পেনাল্টি বক্সে হাতে বল লাগল অস্ট্রেলিয়ার ম্যাট ম্যাকাইয়ের। পেনাল্টি থেকে গোল করে সমতা আনলেন জাপানের কেইসুকি হোন্ডা (১-১)। স্বাগতিক ব্রাজিলের পর প্রথম দল হিসেবে ২০১৪ বিশ্বকাপ ফুটবলে খেলা নিশ্চিত করল জাপান।
৮১ মিনিটে টমি ওরের গোলে এগিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। এই ম্যাচ হেরে গেলে জাপানের অপেক্ষাটা আরও বাড়ত। এক ম্যাচ হাতে রেখেই ব্রাজিলের টিকিট পেয়ে খুশি জাপানের ইতালিয়ান কোচ আলবার্তো জাক্কোরেনি, ‘আমি জাপানকে বিশ্বকাপে নিয়ে যেতেই এসেছিলাম। সেটি করতে পেরে এখন ভারমুক্ত লাগছে নিজেকে। আমরা আরও উন্নতি করব। বিশ্বকে চমকে দেব।’
অস্ট্রেলিয়া ম্যাচটা জিতলেও ব্রাজিলের টিকিট নিশ্চিত হতো না। তবে সুবিধাজনক জায়গায় যেতে পারত। কিন্তু শেষ মুহূর্তে জয় ফস্কে যাওয়ায় বিশ্বকাপে যাওয়ার পথ খানিকটা কঠিনই অস্ট্রেলিয়ার সামনে। এএফপি।

গ্রুপ বি তে দ্বিতীয় অস্ট্রেলিয়ার চেয়ে সাত পয়েন্ট এগিয়ে জাপান। তৃতীয় জর্দানের চেয়ে গোল ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া। তবে দুই পয়েন্ট পিছিয়ে থেকে অস্ট্রেলিয়ার ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে ইরাক ও ওমান। গ্রুপের প্রথম দুটি দল সরাসরি খেলবে বিশ্বকাপে।