বিশ্বকাপে সিদ্দিকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিদ্দিকুর
সিদ্দিকুর

বাংলাদেশের প্রথম গলফার হিসেবে বিশ্বকাপে সুযোগ পেলেন সিদ্দিকুর রহমান। র‌্যাঙ্কিংয়ের ওপর ভিত্তি করেই বিশ্বকাপে সুযোগ পান গলফাররা। প্রতিটি দেশের সর্বোচ্চ র‌্যাঙ্কিংধারী দুজন জায়গা পান বিশ্বকাপে। শীর্ষ পনেরোর মধ্যে থাকলে একটি দেশ থেকে সর্বোচ্চ চারজন সুযোগ পেতে পারেন। এই হিসাবেই সারা বিশ্ব থেকে বেছে নেওয়া হয় ৬০ জন গলফার। আগামী ২০ নভেম্বর অস্ট্রেলিয়ার রয়্যাল মেলবোর্ন গলফ ক্লাবে শুরু হতে যাওয়া বিশ্বকাপ গলফে দলগত ও ব্যক্তিগত দুই বিভাগেই খেলা হবে। যেহেতু বাংলাদেশের অন্য কেউ নেই, তাই সিদ্দিকুর খেলবেন শুধু ব্যক্তিগত বিভাগে।
প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ পেয়ে এশিয়া-প্যাসিফিক প্যানাসনিক ওপেন খেলতে এখন জাপানে অবস্থান করা সিদ্দিকুর এশিয়ান ট্যুর ওয়েবসাইটকে বলেছেন, ‘বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত। প্রথমবারের মতো বাংলাদেশ বিশ্বকাপে যাচ্ছে, এটা হবে ঐতিহাসিক এক মুহূর্ত। আমি এর আগে বাছাইপর্ব খেললেও মূল প্রতিযোগিতায় যেতে পারিনি। তাই এটা বিশাল অর্জন।’
এটা বাংলাদেশে গলফের জনপ্রিয়তা বাড়াতেও সাহায্য করবে বলে বিশ্বাস সিদ্দিকুরের, ‘এটা আমাদের দেশে বড় ধরনের প্রভাব ফেলবে। বাংলাদেশে গলফ ক্রমেই জনপ্রিয় হচ্ছে, দেশে লোকজন আমাকে চেনে। দেশের পতাকা বহনের দায়িত্ব পেয়ে আমি গর্বিত।’
প্যানাসনিক ওপেনে দুই রাউন্ড মিলিয়ে পারের সমান ১৪২ শট খেলে ২৫ নম্বরে আছেন সিদ্দিকুর।