বিশ্বকাপে হল্যান্ড-ইতালি

স্বাগতিক দেশ হিসেবে ব্রাজিলকে বিশ্বকাপ বাছাইপর্বে অংশ নিতে হচ্ছে না। কাল লাতিন অঞ্চলের বাছাইয়ে দুই ম্যাচ হাতে রেখেই সবার আগে বিশ্বকাপে পৌঁছে গেছে ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। ব্রাজিল-আর্জেন্টিনার সঙ্গী হতে যাচ্ছে ইউরোপের ইতালি আর হল্যান্ডও। কাল চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করে ফেলেছে সিজারে প্রানদেল্লির দল। হল্যান্ডও কাল অ্যান্ডোরাকে ২-০ গোলে হারিয়ে পরিকল্পনা শুরু করে দিয়েছে বিশ্বকাপের।
আর্জেন্টিনা, ইতালি আর হল্যান্ডের অনেক আগেই বিশ্বকাপ নিশ্চিত করেছে এশিয়ার অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া ও ইরান। উত্তর আমেরিকা থেকে কাল বিশ্বকাপ নিশ্চিত হয়েছে যুক্তরাষ্ট্র আর কোস্টারিকার। যুক্তরাষ্ট্র ২-০ গোলে মেক্সিকোকে হারিয়ে চলে গেছে বিশ্বকাপে, কোস্টারিকা পানামার সঙ্গে ২-২ গোলে ড্র করে সঙ্গী হয়েছে যুক্তরাষ্ট্রের।

চেক প্রজাতন্ত্রের বিপক্ষে কাল প্রথমে কিন্তু পিছিয়ে গিয়েছিল ইতালি। ম্যাচের ২১ মিনিটে লিবোর কোজাকের গোলে এগিয়ে যায় চেকরা। তবে দ্বিতীয়ার্ধের আট মিনিটের মধ্যেই ইতালি নিশ্চিত করে ফেলে ম্যাচের স্কোরলাইন। আজ্জুরিদের পক্ষে গোল করেন গিওর্গিও চিয়েল্লিনি আর মারিও বালোতেল্লি। বালোতেল্লির গোলটি অবশ্য ছিল পেনাল্টি থেকে।
অ্যান্ডোরার বিপক্ষে প্রথমার্ধে গোল পায়নি হল্যান্ড। তবে দ্বিতীয়ার্ধে ১০ মিনিটের ব্যবধানে দুটি গোল করে হল্যান্ডকে বিশ্বকাপের অনুমতিপত্র এনে দেন রবিন ফন পার্সি। হল্যান্ডের কমলা জার্সি গায়ে নিজের ৭৯তম ম্যাচে কালকের দুটো গোল ছিল ফন পার্সির ৩৭ ও ৩৮তম।

এদিকে কাল জয় পেয়েছে জার্মানিও। ফারাও আইল্যান্ডের বিপক্ষে তাঁদের জয়টা ৩-০ গোলের। ২২ মিনিটে পার মার্তাস্যাকারের গোলে এগিয়ে যায় জার্মানি। ৭৪ মিনিটে পেনাল্টি থেকে জার্মানিকে ২-০ গোলে এগিয়ে নেন মেসুত ওজিল। ৮৪ মিনিটে টমাস মুলারের গোল জয় নিশ্চিত করে জার্মানদের।
ফ্রান্সও কাল দারুণ এক ম্যাচ জিতেছে। বেলারুশের বিপক্ষে তাদের জয় ৪-২ গোলের। জিততে ভুলে যাওয়া ফরাসিদের বিজয়টা ত্বরান্বিত হয় ফ্রাঙ্ক রিবেরির দুই গোলে। ম্যাচের ৩২ মিনিটে অবশ্য এগিয়ে গিয়েছিল বেলারুশ। এগোর ফিলিপ্পেনকোর গোল মুহূর্তের জন্য ফ্রান্সকে থমকে দিলেও ৪৭ মিনিটে খেলায় সমতা ফিরিয়ে আনেন রিবেরি। ৫৭ মিনিটে বেলারুশ আবারও এগিয়ে যায় টিমোফে কালাচেভের গোলে। ৬৪ মিনিটে খেলায় সমতা ফেরান ওই রিবেরিই। এরপর ৭০ মিনিটে সামির নাসরি আর ৭৩ মিনিটে পল পোগবার দুই গোলে শেষ অবধি দুর্দান্ত এক জয়ই সঙ্গী হয় ফ্রান্সের। ইউরোপীয় অঞ্চলের আরেক ম্যাচে ইংল্যান্ড গোলশূন্য ড্র করেছে ইউক্রেনের সঙ্গে। সূত্র: রয়টার্স।