বিশ্বকাপে ৫৫তম সিদ্দিকুর
প্রথমবারের মতো গলফ বিশ্বকাপে অংশ নিয়ে ৫৫তম হয়েছেন সিদ্দিকুর রহমান। কাল মেলবোর্নে শেষ রাউন্ডে আগের দুই দিনের চেয়ে কিছুটা ভালো করেছেন বাংলাদেশি গলফার। খেলেছেন পারের চেয়ে ২ শট বেশি। দুটি বার্ডির পাশাপাশি করেছেন দুটি বগি ও একটি ডাবল বগি। সব মিলিয়ে পারের চেয়ে ১৪ শট বেশি খেলে চীনের লিয়াং ওয়েন-চংয়ের সঙ্গে স্থান ভাগাভাগি করেছেন সিদ্দিকুর ।
৮০ লাখ ডলারের বিশ্বকাপের ব্যক্তিগত ও দলীয় দুটি শিরোপাই উঠেছে অস্ট্রেলীয়দের হাতে। সব মিলিয়ে পারের চেয়ে ১০ শট কম খেলে চ্যাম্পিয়ন হয়েছেন টাইফুন হাইয়ানে আট আত্মীয়কে হারানো জেসন ডে। তাঁর থেকে ২ শট বেশি খেলে রানারআপ ডেনমার্কের টমাস বিয়র্ন। তৃতীয় অস্ট্রেলিয়ার অ্যাডাম স্কট (-৭)। স্কট ও ডের পারফরম্যান্সে বেশ বড় ব্যবধানেই দলীয় চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। পারের চেয়ে ১৭ শট কম খেলা অস্ট্রেলীয়দের চেয়ে রানার্সআপ যুক্তরাষ্ট্রের ব্যবধান ১০ শটের। তথ্যসূত্র: পিজিএ ট্যুর।