বিশ্বকাপে 'অন্য রকম' হবে, বললেন মেসি

আগের গল্পটা ছিল অন্য রকম। বার্সেলোনার হয়ে দুর্দান্ত খেলতেন, কিন্তু জাতীয় দলের হয়ে পারতেন না। এবার বার্সার হয়ে শেষটা হয়েছে একেবারেই বাজে। এ রকম খারাপ লিওনেল মেসি তাঁর জীবনেও মনে হয় কখনো খেলেননি। যে বল তাঁর পায়ে পোষ মানা বিড়ালের মতো লেগে থাকত, সেই পায়ে বলই ধরে রাখতে পারছিলেন না যেন! বিশ্বকাপ প্রস্তুতির জন্য আর্জেন্টিনায় পৌঁছে মেসিও তাই কৌতুক করে বললেন, এবার তাই অন্য রকম কিছু হবে। বার্সার হয়ে বাজে খেলেছেন। আর্জেন্টিনার হয়ে ফাটিয়ে দেবেন!
বার্সার সঙ্গে নতুন চুক্তি সই করে, বিশ্বের সবচেয়ে পারিশ্রমিক পাওয়া ফুটবলারের রেকর্ড গড়ে বুয়েনস এইরেসে পা দেওয়া মেসি বলেছেন, বার্সায় বাজে খেলার ছাপ জাতীয় দলে পড়বে না, ‘জাতীয় দলে যোগ দেওয়ার পর এখানকার আবহটা থাকবে অন্য রকম। অতীতে অনেকবারই এমন হয়েছে বার্সেলোনার হয়েই আমি ভালো খেলেছি, জাতীয় দলের হয়ে পারিনি। এখন তাই আশা করছি এবার উল্টোটাই হবে। জাতীয় দলের সতীর্থ ও বন্ধুদের সঙ্গে যখন যোগ দেব, এটা আমার মানসিকতা পাল্টে দেবে। গল্পটাও তাই অন্য রকম হবে।’
মাথা থেকে বার্সেলোনার ‘চিপ’টা খুলে ফেলে এখন আর্জেন্টিনার ‘চিপ’ ভরিয়ে দিতে চান মেসি। বলেছেন, ‘এখন আমার শুধুই জাতীয় দল নিয়ে ভাবতে হবে, চিপটা বদলে নিতে হবে।’
রাজধানীর অদূরবর্তী বিমানবন্দরে পৌঁছানো মাত্রই মেসিকে ঘিরে ধরেছিলেন সাংবাদিক আর ভক্তের দঙ্গল। সেখান থেকে সোজা মেসি ছুটেছেন রোজারিওতে, তাঁর শহরে। এখানেই কয়েক দিন বিশ্রামের পর আগামী সোমবার থেকে দলের অনুশীলনে যোগ দেবেন। সেই অনুশীলনে মেসি নিজেকে নিংড়ে দেবেন বলেও প্রতিশ্রুতি দিলেন সমর্থকদের।
বার্সেলোনার ব্যর্থতার দায়ও তিনি একা নিতে নারাজ, ‘এটা আমার সেরা মৌসুম ছিল না। অন্যভাবে শেষ করতে পারলেই আমার ভালো লাগত। তবে ব্যক্তিগত নয়, এটা পুরোপুরি দলীয় ব্যর্থতা।’ তবে জাতীয় দলে ঢোকা মাত্রই মাথা থেকে সেই ব্যর্থতার বোঝা সরিয়ে ফেলতে চান মেসি, ‘এটা খুবই জটিল একটা মৌসুম ছিল। লিগ জেতার সুযোগ পেয়েছিলাম, যেটা কাজে লাগাতে পারিনি। ব্যক্তিগত পর্যায়েও অনেক কঠিন একটা মৌসুম গেছে। ইনজুরির ধকলও ছিল। তবে আশা করব, জাতীয় দলের সতীর্থদের সঙ্গে যোগ দেওয়ার পর আমার ভাবনা পাল্টে যাবে।’
এবার বিশ্বকাপে পুরে মনোযোগ দেওয়ার পালা। মেসি বলেছেন, ‘আশা করি, আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব।’ সেই লক্ষ্য তো অবশ্যই আর্জেন্টিনাকে তৃতীয় বিশ্বকাপ শিরোপা এনে দেওয়া। সেই মিশন শুরু হবে ১৫ জুন, বসনিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। তবে এর আগেই ৪ ও ৭ জুন ত্রিনিদাদ এবং স্লোভেনিয়ার বিপক্ষে দুটো প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সূত্র: এএফপি ও রয়টার্স।