বিশ্বকাপেই জ্বালা জুড়াবেন তোরেসরা

একের পর এক শিরোপা জেতাটাই যেন অভ্যাস বানিয়ে ফেলেছিল স্পেন। হারের স্বাদটা যে কেমন হয়, সেটাও যেন ভুলতে বসেছিলেন স্প্যানিশ ফুটবলাররা। টানা ২৯টি প্রতিযোগিতামূলক ম্যাচ অপরাজিত থাকার পর তো এমনটাই হওয়ার কথা। প্রত্যাশাটা আকাশচুম্বী। কিন্তু খেলার মাঠে তো হার-জিত থাকবেই। কনফেডারেশনস কাপের ফাইনালে ব্রাজিলের কাছে ৩-০ গোলে হারের পর সেই গুরুত্বপূর্ণ কথাটিই মনে করিয়ে দিয়েছেন তোরেস, ‘আপনি সব সময়ই জিততে পারবেন না।’ তবে এটা ভেবে মনকে সান্ত্বনা দিতে পারলেও হারের ক্ষোভটা কিন্তু থেকেই যাবে বিশ্বকাপজয়ীদের। আর সেই আক্ষেপ ঝেড়ে ফেলার মিশন নিয়েই ২০১৪ সালে ব্রাজিলে যাবেন তোরেসরা।
২০১০ সালে স্পেন সর্বশেষ যে প্রতিযোগিতামূলক ম্যাচে হারের মুখ দেখেছিল, সেটি ছিল অঘটন। গ্রুপ পর্বের ম্যাচে তাদের ঘাতক ছিল সুইজারল্যান্ড। এরপর দীর্ঘদিন একনাগাড়ে জিততে জিততে হঠাত্ করেই হার। সেটাও আবার শিরোপা জয়ের চূড়ান্ত লড়াইয়ে। সমর্থকদের একটু মুষড়ে পড়া তো স্বাভাবিকই। কিন্তু এই হারের ফলেই স্প্যানিশ ফুটবল ওলটপালট হয়ে যাবে, এমনটা মোটেও মনে করছেন না তোরেস। এবারের কনফেডারেশনস কাপের সর্বোচ্চ গোলদাতা বলেছেন, ‘সবাই মনে করে, স্পেনের প্রতিটা ম্যাচই জেতা উচিত। প্রতিটা প্রতিযোগিতারই ফাইনালে যাওয়া উচিত। কিন্তু এটা খুব সহজ ব্যাপার নয়। এটা আমাদের জন্য কোনো সতর্কবার্তাও নয়।’
ফিফা আয়োজিত সব কয়টি বড় প্রতিযোগিতার শিরোপা জয়েরই স্বাদ পাওয়া হয়েছে স্পেনের। বাদ ছিল শুধু কনফেডারেশনস কাপ। এটা জিততে পারলে আর কোনো আক্ষেপ থাকত না স্প্যানিশ ফুটবলারদের। কিন্তু ফাইনাল পর্যন্ত এসেও তাঁদের ফিরতে হলো হতাশা নিয়ে। তবে এখান থেকেও ইতিবাচক শিক্ষাই নিচ্ছেন তোরেস। ব্রাজিলের মাটিতে ব্রাজিলকে হারানো যে কঠিন ব্যাপার, সেটাই হচ্ছে চেলসি স্ট্রাইকারের শিক্ষা। আগামী বছর বিশ্বকাপে অংশ নেওয়ার সময় এ ব্যাপারে পূর্ণ সতর্কতা অবলম্বন করা যাবে বলেই মনে করছেন তোরেস, ‘আমরা আগেই জানতাম, ব্রাজিলের মাটিতে তাদের হারানো কঠিন ব্যাপার। এই ম্যাচ সেটাই নিশ্চিত করেছে। আগামী বছর আমরা এখানে ফিরে আসব আমাদের বিশ্বকাপ শিরোপাটা রক্ষা করার জন্য।’ রয়টার্স।