বিশ্বকাপেই পার্সির জাগরণের গান

আরেকটি বিশ্বকাপে হল্যান্ডের মানুষ নতুন করে বুক বাঁধছে আজন্ম আক্ষেপ ঘোচানোর আশায়। ব্রাজিল বিশ্বকাপ ঘিরে ডাচদের আশা-ভরসার অন্যতম কান্ডারি রবিন ফন পার্সি। দলের এক নম্বর স্ট্রাইকার, অধিনায়কও। ম্যানচেস্টার ইউনাইটেডের স্ট্রাইকারকে ঘিরে ডাচদের স্বপ্নের মালাগাঁথা স্বাভাবিক। কিন্তু একটা প্রশ্নও থাকছে।

মৌসুমের বেশিটাই কেটেছে চোট আর পড়তি ফর্মের সঙ্গে লড়াই করে। পার্সির কাছেই এটি ‘দুর্বোধ্য এক মৌসুম’। চোটের সঙ্গে লড়াই করে পার্সি বারবার ফিরে এসেছেন বটে; কিন্তু মাঠে থেকেছেন নিষ্প্রভ। বিশ্বকাপেও কি এমনটা থাকবেন? দেশবাসীকে হল্যান্ড অধিনায়ক আশ্বস্ত করলেন, বিশ্বকাপে দেখা যাবে অন্য পার্সিকে, ‘আশা করি বিশ্বকাপই আমাকে এই পর্যায়ে যেতে সাহায্য করবে।’
বারবার চোট পাওয়ায় অনেকেই শঙ্কিত ছিলেন তাঁর বিশ্বকাপ খেলা নিয়ে। কিন্তু পার্সির কথা, ‘আমি কখনোই উদ্বিগ্ন ছিলাম না যে, আমি বিশ্বকাপ মিস করতে পারি। তবে সত্য যে, চোটটা বাজে সময়ে এসেছিল।’ সেই চোট কাটিয়ে এখন প্রস্তুত হচ্ছেন বিশ্বকাপের জন্য। গত শনিবার ইকুয়েডরের সঙ্গে প্রস্তুতি ম্যাচে দর্শনীয় এক গোল করে বুঝিয়েও দিয়েছেন বিশ্বকাপের জন্য তিনি প্রস্তুত। উড়ে আসা বল বুকে নামিয়ে দুর্দান্ত ভলিতে গোল করে দলকে এনে দেন ড্র (১-১)।
দুটি বিশ্বকাপ, দুটি ইউরো খেললেও দেশবাসীর প্রত্যাশা পূরণ করতে পারেননি। গত বিশ্বকাপে তরি ডোবে তীরে গিয়ে। নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপে ৩০ বছর বয়সী স্ট্রাইকার আত্মবিশ্বাসী । কোচ লুইস ফন গাল তাঁকে নিয়ে আশাবাদী। পার্সির ওপর গাল আস্থা রেখেছেন সব সময়ই। গালও পার্সির বিশ্বকাপ খেলা নিয়ে সন্ধিহান ছিলেন না। বরং তিনি অনেক আগেই বলেছেন, বিশ্বকাপ দলে মাত্র তিনজনের জায়গা পাকা, তাঁর একজন পার্সি। সেদিন বললেন, ‘পার্সিই আমার অধিনায়ক।’ পার্সি কোচের আস্থা অর্জন করেছেন মাঠের পারফরম্যান্সে। বিশ্বকাপ বাছাইপর্বে করেছেন ইউরোপিয়ান অঞ্চলের সর্বোচ্চ ১১ গোল। গত অক্টোবরে হাঙ্গেরির বিপক্ষে হ্যাটট্রিক করার পথে গড়েছেন দেশের পক্ষে সর্বোচ্চ গোলের রেকর্ড। ৮৩ ম্যাচে দেশের হয়ে করেছেন ৪২ গোল। এখন অপেক্ষা আসল পরীক্ষার! এএফপি।