বিশ্বকাপেই প্রতিশোধ চায় বাংলাদেশ

বেজে গেছে যুদ্ধের দামামা। দুয়ারে কড়া নাড়ছে আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ বিশ্বকাপের মাহাত্ম্য এ দেশের সমর্থকদের কাছে অন্য রকম। এই প্রথম ঘরের মাঠে ‘পূর্ণাঙ্গ’ বিশ্বকাপ। ফলে বাংলাদেশের প্রত্যাশার পারদ যথেষ্ট ওপরেই। কথা হলো, ১৬ দলের এ লড়াইয়ে মুশফিক-ব্রিগেড কি পারবে প্রত্যাশার শতভাগ প্রতিদান দিতে? সাম্প্রতিক সময়ে বাজে সময় গেল। তবে দুঃসময়কে পেছনে রেখে আসন্ন বিশ্বকাপে আশার গানই শোনাচ্ছেন অধিনায়ক মুশফিকুর রহিম। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে প্রথমেই এলো টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সাফল্য-খরার প্রসঙ্গটি। যদিও ২০০৭ সালের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। এরপর ক্রিকেটের এ সংক্ষিপ্ত সংস্করণের বড় আসরে বাংলাদেশের সাফল্য যেন মরীচিকা। এবার ঘরের মাঠে বাংলাদেশের প্রধান লক্ষ্য কী হবে? অধিনায়ক জানালেন, ‘২০০৭-এ আমাদের শুরুটা ভালো হলেও ধারাবাহিকভাবে ভালো খেলতে পারিনি। সাম্প্রতিক সময়ে হয়তো কিছু টি-টোয়েন্টি খেলেছি। কিন্তু আগে অন্য দলের মতো খুব বেশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা হয়নি আমাদের। এ কারণে হয়তো এই সংস্করণে ধারাবাহিক ভালো পারফরম্যান্স হয়নি। আমাদের প্রধান লক্ষ্য, আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচটি ভালো খেলা। আপাতত আমাদের ভাবনা ওই ম্যাচ নিয়েই। এরপরের লক্ষ্য প্রথম রাউন্ডের বাকি ম্যাচগুলো অর্থাত্ নেপাল, হংকংকে হারিয়ে পরের রাউন্ডে যাওয়া।’
এশিয়া কাপে আফগানিস্তানের কাছে হেরেছে দল। স্বাভাবিকভাবেই আজ ঘুরে ফিরে এল আফগান-প্রসঙ্গ। তবে আফগানিস্তানকে এগিয়ে রাখতে একেবারেই নারাজ মুশফিক, ‘দল হিসেবে আমার তো মনে হয় সব দিক দিয়েই আমরা এগিয়ে। আসলে টি-টোয়েন্টিতে এ ধরনের এগিয়ে থাকার ওপর জয়-পরাজয় নির্ভর করে না। নির্দিষ্ট দিনে যারা ভালো খেলবে, তারাই জিতবে। আমাদের লক্ষ্য নির্দিষ্ট দিনে ভালো খেলা। চাপ থাকলেও চেনা কন্ডিশন, নিজেদের সমর্থকের সামনে সেরা খেলাটা খেলতে পারলে সবকিছু অন্য রকম হবে। এখন শুরুটা ভালো করতে মুখিয়ে রয়েছি।’
আফগানিস্তানের অনেক খেলোয়াড় বাংলাদেশের ঘরোয়া লিগে খেলেছে। এই দেশের কন্ডিশন, ক্রিকেটার সম্পর্কে ওদের যতটা ধারণা আছে, সেই দিক দিয়ে আফগানিস্তান যেন বাংলাদেশের জন্য একটা বারমুডা-ট্রায়াঙ্গল। তবে এ নিয়েও ভাবিত নন মুশফিক, ‘ফতুল্লায় ম্যাচের পর ওদের সব খেলোয়াড় সম্পর্কে মোটামুটি জানা হয়েছে। ওই ম্যাচে কিন্তু আমাদের অন্যতম তিন ভরসা তামিম, মাশরাফি ভাই, সাকিব খেলেনি। আমরা চাইব এশিয়া কাপের হারের প্রতিশোধ নিতে।’
শ্রীলঙ্কা সিরিজ ও এশিয়া কাপে অনেক খেলোয়াড় ইনজুরিতে পড়েছে। টি-টোয়েন্টিতে দলের ফিটনেসের পরিস্থিতি মুশফিক যথেষ্ট ইতিবাচক। জানালেন, ‘আশা করি, টি-টোয়েন্টিতে আমরা ফিট হয়েই নামব। আমরা ভালো খেলতে মুখিয়ে আছি।’
বাংলাদেশের বাজে ফিল্ডিং নিয়ে বাতাসে নানা প্রশ্ন। মুশফিক জানালেন, ‘কম ভুল করার চেষ্টা থাকবে সবার। সংক্ষিপ্ত সংস্করণে ভুল সংশোধনের সময় খুবই কম। আমরা চেষ্টা করব ৪০ ওভার আক্রমণাত্মক ক্রিকেট খেলার।’ ইনজুরির কারণে শ্রীলঙ্কা সিরিজ ও এশিয়া কাপে কিপিং করতে পারেননি । তবে বিশ্বকাপে গ্লাভস হাতেই দেখা যাবে বলে জানালেন মুশফিক।
বাংলাদেশ দলের বিরুদ্ধে একটি পুরোনো অভিযোগ, ঘরের মাঠের সুবিধা পুরোপুরি কাজে লাগাতে পারে না। মুশফিক এর ব্যাখ্যা করলেন এভাবে, ‘হোম কন্ডিশনের সুবিধা বাংলাদেশ হয়তো শতভাগ নিতে পারে না। তবে হোম কন্ডিশন হলেই যে সব ম্যাচ জেতা যাবে, তা নয়। প্রায় সব দলই আমাদের কন্ডিশনে খেলে গেছে। ফলে নির্দিষ্ট দিনে যারা ভালো খেলবে তারাই জিতবে। এতটুকু ওয়াদা করতে পারি, আমরা আমাদের সেরা খেলাটাই খেলব।’
দলের খারাপ পারফরম্যান্স নিয়ে বাইরে থেকে অনেকে অনেক কথা বলেছে। এমনকি বোর্ড থেকেও কথা উঠেছে। সব ভুলে বিশ্বকাপে এ ব্যাপারে সবার সমর্থন চাইলেন বাংলাদেশ অধিনায়ক, ‘দল খারাপ করলে খেলোয়াড় কিংবা সংশ্লিষ্ট সবারই খারাপ লাগে। তবে এ সময় সবারই সমর্থন দরকার। দলের দুঃসময়ে সমর্থন পেলে খেলোয়াড়দের মনোবল চাঙা থাকে। বিশ্বকাপের মতো এমন আসরে সবার সমর্থন প্রত্যাশা করি।’