বিশ্বকাপেও পাতানো ম্যাচ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউজ অব দ্য ওয়ার্ল্ড-এর পর এবার ক্রিকেটে ম্যাচ পাতানো নিয়ে বোমা ফাটাল সানডে টাইমস। গত বিশ্বকাপ ক্রিকেটে ভারত-পাকিস্তান সেমিফাইনালটি ছিল পাতানো! কাল এমন তোলপাড় করা খবরই দিয়েছে যুক্তরাজ্যের পত্রিকাটি। পত্রিকাটির নিজস্ব তদন্তে বেরিয়ে এসেছে ভারতীয় বাজিকরেরা আন্তর্জাতিক ক্রিকেটই শুধু নয়, হাত বাড়িয়েছে ইংলিশ কাউন্টি ক্রিকেটেও। পত্রিকাটির অনুসন্ধানে বেরিয়েছে, বাজিকরেরা খেলোয়াড়দের হাজার হাজার পাউন্ড অর্থের টোপ দেয়। একটি আন্তর্জাতিক ম্যাচের পুরোটা বা কিছু অংশে প্রভাবিত করার জন্যই এটা করা হয়। ধীরগতিতে ব্যাট করার জন্য প্রায় ৪৪ হাজার পাউন্ড, বোলিংয়ে বেশি রান দেওয়ার জন্য ৫০ হাজার পাউন্ড এবং যে খেলোয়াড় বা অফিসিয়ালের পুরো ম্যাচের ভাগ্য বদলে দেওয়ার ক্ষমতা আছে সে পায় প্রায় সাড়ে সাত লাখ পাউন্ড। খেলোয়াড়দের হাত করতে ফাঁদ হিসেবে ব্যবহার করা হয় বলিউডের এক অভিনেত্রীকে। আর এভাবেই নাকি পাতানো হয়েছিল ভারত-পাকিস্তান ম্যাচটিও। বাজিকরদের কাছে ইংলিশ কাউন্টি ক্রিকেট হচ্ছে ‘দারুণ একটা নতুন বাজার’। ভারতীয় বাজিকর ভিকি শেঠ সানডে টাইমসকে বলেছেন এটা। তাঁর দাবি, কাউন্টি ক্রিকেটের ‘কম গুরুত্বের ম্যাচগুলো কেউ ঠিকমতো পর্যবেক্ষণ করে না। তাই এখান থেকে কোনো ঝামেলা ছাড়াই বড় অঙ্কের অর্থ উপার্জন করা যায়’। এই অভিযোগ এল প্রথম ইংলিশ ক্রিকেটার হিসেবে এসেক্স ফাস্ট বোলার মারভিন ওয়েস্টফিল্ড ম্যাচ পাতানোর দায়ে গ্রেপ্তার হওয়ার কয়েক সপ্তাহ পর। ২০০৯ সেপ্টেম্বরে ডারহামের বিপক্ষে ম্যাচ পাতানোর অভিযোগে অভিযুক্ত তিনি। পাকিস্তানের তিন খেলোয়াড় সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমিরকে ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে এক টেস্ট ম্যাচে স্পট ফিক্সিং করার দায়ে জেলে যেতে হয় গত বছর। নিজস্ব তদন্তের পুরো প্রতিবেদনই আইসিসিকে দিয়েছে সানডে টাইমস কর্তৃপক্ষ। পত্রিকাটিকে ধন্যবাদ দিয়ে আইসিসি তদন্তের ঘোষণা দিয়েছে। সংস্থার মুখপাত্র এটাকে ‘গুরুতর অভিযোগ’ হিসেবে বর্ণনা করে বলেছেন, ‘ক্রিকেট নিয়ে বৈধ ও অবৈধ পথে বাজি ধরার বাজারটা দ্রুত বাড়ছে। প্রতিটা ম্যাচ নিয়েই লাখ লাখ ডলার বাজি ধরা হচ্ছে।’ এএফপি। প্রশ্নবিদ্ধ সেই ম্যাচভারত: ৫০ ওভারে ২৬০/৯ (টেন্ডুলকার ৮৫, শেবাগ ৩৮, রায়না ৩৬*; রিয়াজ ৫/৪৬, আজমল ২/৪৪)। পাকিস্তান: ৪৯.৫ ওভারে ২৩১ (মিসবাহ ৫৬, হাফিজ ৪৩, শফিক ৩০; নেহরা ২/৩৩, মুনাফ ২/৪০, হরভজন ২/৪৩, যুবরাজ ২/৫৭, জহির ২/৫৮)। ফল: ভারত ২৯ রানে জয়ী।