নাজমুল আমাদের দলের জন্য ছিল সৌভাগ্য বয়ে আনা ক্রিকেটার। কিন্তু নিজের ভাগ্যের বেলায় ও সম্ভবত ছিল সবচেয়ে অভাগা!আমাদের সৌভাগ্য কীভাবে বয়ে আনল সেটাই আগে বলি। নিয়মিত সাফল্য পেয়ে অনেকেই ব্যর্থতার দুঃসহ অতীত মাটিচাপা দিয়ে দেয়। এখন হয়তো অনেকেই ভুলে গেছেন, এই বাংলাদেশ দলই একসময় টানা ৪৭ ওয়ানডেতে জয়হীন থাকার বিশ্ব রেকর্ড গড়ে ফেলেছিল। কী যে কষ্টের ছিল একেকটি দিন! মাঠে নামা মানে আরেকটি পরাজয় নিয়ে, মাথা হেঁট করে মাঠ ছাড়া যেন নিয়তি হয়েই দাঁড়িয়েছিল।সমর্থকদের কষ্ট-ক্ষোভ-হতাশা প্রকাশ করার অনেক রাস্তা আছে, ক্রিকেটারদের নেই। তাদের সেই দুঃখ মনে পুষেই নামতে হয় মাঠে।ডেভ হোয়াটমোর কোচ হয়ে আসার পর দলে একটা ইতিবাচক পরিবর্তনের হাওয়া ছিল। আমরাও বুঝতে পেরেছিলাম, একটা জয় আমাদের সব গুমোট বাতাস উড়িয়ে নিয়ে যাবে। সেই জয় আমরা পেয়েছিলাম জিম্বাবুয়ে সফরে, ২০০৩ সালে।না, নাজমুলের তখনো অভিষেক হয়নি। ওর অভিষেক হয়েছিল ২০০৪ চ্যাম্পিয়নস ট্রফিতে। ও দলে আসার পর কী যে হলো, আমরা বেশ কয়েকটি অঘটন ঘটিয়ে ফেললাম কয়েক দিন পর পর। ২০০৪-এর ডিসেম্বরে ভারতকে হারালাম বঙ্গবন্ধু স্টেডিয়ামে। ভারতের বিপক্ষে আমাদের প্রথম জয়ের দিন নাজমুল খুব ভালো বোলিং করেছিল (৭-০-২৬-০) মনে আছে। জিম্বাবুয়েকে হারিয়ে প্রথম ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেয়েছিলাম আমরা। শ্রীলঙ্কাকেও প্রথমবারের মতো হারিয়েছিলাম।আমাদের সৌভাগ্যের উল্টো দিকে যেন নাজমুলের দুর্ভাগ্যের নুড়িপাথর জমা পড়ছিল। শ্রীলঙ্কাকে হারানোর ওই ম্যাচই পরের দুই বছরের জন্য হয়ে গেল নাজমুলের শেষ ম্যাচ! কদিন আগে কোথায় এক সাক্ষাত্কারে পড়লাম, নাজমুল খুব আক্ষেপ করে বলেছে, ক্যারিয়ারজুড়েই ও আসলে দুর্ভাগ্যের শিকার। খুব একটা মিথ্যা বলেনি। ছয় বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ দলের হয়ে খেলছে। কিন্তু ওয়ানডে ম্যাচের সংখ্যা মাত্র ৩৪! সব মিলে টেস্ট খেলেছে মাত্র একটি।ভাগ্য হয়তো আসলেই ওর দিকে সেভাবে মুখ তুলে তাকায়নি। ২০০৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ও কিন্তু খুব ভালো বল করেছিল। তার পরও জাতীয় দলে সহজেই ঢুকতে পারেনি। এর একটা কারণ, তখন আমাদের দলে মাশরাফি, তাপস বৈশ্য, তারেক আজিজরা ছিল। খালেদ মাহমুদও তখনো অবসর নেয়নি। নাজমুলের সবচেয়ে দুর্বল দিক ছিল ওর শরীরী ভাষা। প্রথাগত ফাস্ট বোলারদের মতো আক্রমণাত্মক মেজাজ ছিল না। চোখরাঙানি নেই। একদম সাত-পাঁচে না থাকা ভদ্র ছেলে। মাঠে আর মাঠের বাইরে একই রকম। দলের ভেতরও খুব একটা হইচই করত না। ওর কাছের বন্ধুরা ছিল রাজিন সালেহ আর তাপস। এই তিনজনই সিলেটের। একসঙ্গে আড্ডা দিলে দেখা যেত ওরা নিজেদের ভাষায় কথা বলছে। একবার আমি মজা করে নিয়ম করে দিলাম, দলে সিলেটি ভাষা নিষিদ্ধ! বলা যায় না, কখন আমাকে কী নিয়ে গালিটালি দেয়!আসলে দেশের বাড়ির দিকে ওর একটা বাড়তি টান দেখেছি। ছুটি পেলেই দেখতাম ব্যাট-ট্যাগ গুছিয়ে বাড়ির পথ ধরেছে।মাঠের বাইরেও ও কিন্তু খুব ডিসিপ্লিনড। কিন্তু পেসারদের শরীরী ভাষায় একটা ঝাঁজ থাকতে হয়। শুরুর দিকে সেটি ছিল না। এটা ওর ক্ষতিই করেছে আমি বলব। ফলে জাতীয় দলে ও জায়গা পাকা করে নিতে পারেনি। তবে ডেভ কিন্তু ওকে খুব পছন্দ করত। ডেভ প্রায়ই আমাকে বলত, ‘এই ছেলেটা কিন্তু তোমার জন্য একটা সম্পদ।’ কিন্তু ওর জন্য দুর্ভাগ্য ছিল আরেক জায়গায়—ইনজুরি।তবে ওর শক্তির জায়গা ছিল লাইন-লেংথের ওপর দারুণ নিয়ন্ত্রণ। বিশেষ করে ডানহাতি ব্যাটসম্যানদের বিপক্ষে ও আসলেই বিপজ্জনক বোলার। ওর আরেকটি বড় গুণ হলো, খুব বেশি পরীক্ষা-নিরীক্ষা না করা। অধিনায়কের পরামর্শ মেনে বল করে যাওয়া।বিশ্বকাপে সবাই আমাদের স্পিনারদের দিকেই বেশি করে চেয়ে আছে। ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে কন্ডিশন কেমন থাকবে আমি জানি না। তবে ওই সময় যদি কুয়াশা পড়ে, ‘ডিউ ফ্যাক্টর’ কিন্তু বড় প্রভাবক হয়ে দাঁড়াতে পারে। তা ছাড়া আমাদের চারটি ম্যাচ দিবারাত্রির। রাতে কুয়াশা পড়লে স্পিনারদের সমস্যা হবে। পেসারদের নিয়ে তাই আমাদের এখনই ভাবতে হবে। আর সেই ভাবনায় নাজমুলকে আমি বাড়তি গুরুত্ব দেওয়ার পরামর্শই দেব। ওর বোলিং অ্যাকশন, লাইন-লেংথের ওপর নিয়ন্ত্রণ আমাদের দেশের মতো ধীর উইকেটে কিন্তু খুবই কার্যকর। তা ছাড়া ফিল্ডার হিসেবেও নাজমুল দুর্দান্ত। ব্যাটিংয়েও উইকেটে টিকে থাকতে পারে। ম্যাচ হয়তো কম খেলেছে, কিন্তু এই দলে রাজ্জাক আর ও-ই সবচেয়ে পুরোনো ক্রিকেটার।নাজমুলকে আমি বলব, এটাই আসল সময় নিজেকে ‘দ্য নাজমুল’ হিসেবে প্রতিষ্ঠা করার। দুর্ভাগ্য, হতাশা, অপ্রাপ্তি—সবকিছুকে বাউন্সার দিয়ে উড়িয়ে দাও!