বিশ্বকাপের অঘটন: ফিরে দেখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের বিশ্বকাপ কি অঘটনের বিশ্বকাপ হিসেবেই ইতিহাসে স্থান করে নিতে যাচ্ছে? অবস্থা দেখে তাই মনে হচ্ছে। প্রতিটি গ্রুপেই দলগুলোর শেষম্যাচ এসে হাজির হয়েছে, অথচ এখনো ইংল্যান্ড, ইতালি, স্পেন, জার্মানির মতো নামি-দামি দেশগুলোর দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়নি। ফ্রান্স তো তিন ম্যাচে একটি ড্র এবং দুটি পরাজয় সঙ্গী করে এরই মধ্যে বিশ্বকাপকে ‘গুডবাই’ জানিয়েছে। ইংল্যান্ড ও ইতালির মতো শক্তিশালী দল দ্বিতীয় রাউন্ডে যাওয়া নিয়ে শক্ত প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন। শেষ ম্যাচটি তাদের জন্য বাঁচা-মরার। স্পেনের জন্য ব্যাপারটি এতটা শক্ত না হলেও শেষ ম্যাচে না জেতা পর্যন্ত দ্বিতীয় রাউন্ডের কথা মুখেই আনতে পারছে না তারা। জার্মানি তো আজ ঘানার সঙ্গে খেলতে নামার আগে বলেই দিয়েছে, ইতিহাসের এক ক্রান্তিলগ্নে দাঁড়িয়ে আছে তারা—এমন অনিশ্চিত অবস্থার মধ্যে কী বড় দলগুলো কখনো পড়েছিল অতীতের বিশ্বকাপগুলোয়? অতীতে অঘটন ঘটলেও বিশ্বকাপের প্রথম রাউন্ডে কখনোই একাধিক বড়দল খাদের কিনারায় এসে দাঁড়ায়নি। সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকার এবারের বিশ্বকাপটি দর্শকদের এনে দিয়েছে ভিন্নমাত্রা, অন্য রকম কিছু।এবারের বিশ্বকাপে এ ধরনের অদ্ভুতুড়ে ব্যাপার-স্যাপার নিয়ে বিতর্ক শুরু হতেই পারে। বিতর্কটা অবশ্য বড় দলগুলোর বিদায়ে বিশ্বকাপের আমেজ ব্যহত হবে কি না, সেই লাইনে হতে পারে। ধরুন, শেষ ম্যাচে রুনি-জেরার্ড-ল্যাম্পার্ডদের ইংল্যান্ড স্লোভেনিয়াকে হারাতে পারল না, তাহলে তাদের বদলে দ্বিতীয় রাউন্ডে চলে যাবে স্লোভেনিয়া। জার্মানিকে টপকে ওই গ্রুপ থেকে গেল সার্বিয়া কিংবা অস্ট্রেলিয়া, আবার এদিকে ইতালির বদলে দ্বিতীয় রাউন্ডের জায়গা নিল নিউজিল্যান্ড, তাহলে কি বিশ্বকাপের আমেজ ব্যহত হবে না? বিষয়টি নিয়ে এন্তার তর্ক-বিতর্ক হতে পারে, কিন্তু সত্যিই এমন কিছু যদি ঘটে যায়, তাহলে এবারের বিশ্বকাপটি হবে ইতিহাসের ভিন্ন আঙ্গিকের এক বিশ্বকাপ।ফুটবলপ্রেমী অবশ্য সব সময় এমন কিছুরই প্রত্যাশা করে। একটু ভিন্ন কিছু। অতীতের বিশ্বকাপগুলোর দিকে চোখ ফেরালে দেখা যাবে, এমন অনেক ঘটনাই বিশ্বকাপকে করে তুলেছে রোমাঞ্চের আসর। ইংল্যান্ড, ইতালি, জার্মানি, স্পেন দ্বিতীয় রাউন্ডে যেতে পারবে কি না—সেই চিন্তা করতে করতে আসুন একটু স্মৃতি হাতড়িয়ে বিশ্বকাপ ইতিহাসের সেরা অঘটনগুলোর দিকে চোখ দিই:উত্তর কোরিয়া-ইতালি (ইংল্যান্ড বিশ্বকাপ, ১৯৬৬)চুয়াল্লিশ বছর আগের কথা। উত্তর কোরিয়ার প্রথম বিশ্বকাপ অভিযান। এবারের বিশ্বকাপে যেমন গণমাধ্যমগুলো উত্তর কোরিয়ার দলটিকে ‘সন্ন্যাসীদের দল’ হিসেবে অভিহিত করেছে। ছেষট্টি সালেও ব্রিটিশ গণমাধ্যম উত্তর কোরিয়াকে ‘রহস্যমানবদের দল’ বলে চিহ্নিত করেছিল। রাজনৈতিক বিতর্ক দেশটির চিরসঙ্গী। ছেষট্টিতেও এর ব্যতিক্রম হয়নি। তবে প্রথম দিন থেকেই উত্তর কোরিয়া চমত্কার পারফরম্যান্স দিয়ে সবার মন জয় করে নিয়েছিল। সাধারণত ব্রিটিশরা আদর করে তাদের ডাকত ‘রেড মসকুইটো’ নামে। সেই রেড মসকুইটোরাই সেইবার ইতালিকে ১-০ গোলে হারিয়ে দিয়ে চারদিকে হইচই ফেলে দিয়েছিল। কূটনৈতিক সম্পর্ক না থাকার কারণে যে উত্তর কোরিয়াকে বিশ্বকাপে খেলতে আসার ভিসা পর্যন্ত দিতে চায়নি ইংল্যান্ড সেই দলটিই কি না, ইতালিকে হারিয়ে চলে যায় কোয়ার্টার ফাইনালে। উত্তর কোরিয়ার পক্ষে পার্ক ডো ইক নামের এক অখ্যাত ফুটবলার গোলটি করে তৈরি করেন বিশ্বকাপ ইতিহাসের এক নতুন চিত্রনাট্য।যুক্তরাষ্ট্র-ইংল্যান্ড (ব্রাজিল বিশ্বকাপ ১৯৫০)ইংরেজদের উন্নাসিকতা নতুন কিছু নয়। সারা পৃথিবীই পরিচিত তাদের অর্থহীন এই উন্নাসিকতার সঙ্গে। প্রথম তিনটি বিশ্বকাপে দেশটি অংশ নেয়নি—এই বলে, ‘ফুটবল যেহেতু আমরাই সৃষ্টি করেছি। তাই এই খেলাটিতে আমরাই শ্রেষ্ঠ। আমাদের শ্রেষ্ঠত্ব প্রমাণে বিশ্বকাপ খেলার প্রয়োজন নেই।’ কী অদ্ভুত যুক্তি! এই ইংল্যান্ডই যখন ব্রাজিলে বিশ্বকাপ খেলতে গেল, তখন যুক্তরাষ্ট্র এক অর্থে ফুটবলে দুধের শিশুই। সেই দুধের শিশুদের কাছেই ১-০ গোলে হেরে যায়, ফুটবলের জনকেরা। যুক্তরাষ্ট্র দলটি গঠিত হয়েছিল ডাকপিয়ন, খনিশ্রমিক ও নিউইয়র্কের পরিচ্ছন্নতা-কর্মীদের নিয়ে। ইংল্যান্ডের পেশাদার ফুটবলার খেলোয়াড়েরা যখন এই ডাকপিয়ন, খনিশ্রমিকদের কাছে হেরে গেল, তখন গোটা ইংল্যান্ডেই অবিশ্বাসের সুর। খেলা শেষ হয়ে যাওয়ার পর ইংল্যান্ডের অনেক পত্রিকায় টেলিপ্রিন্টারের মাধ্যমে সংবাদটি এলে সাংবাদিকেরা মনে করেছিলেন, টেলিপ্রিন্টারেই হয়তো কোনো ভুল আছে। এতটাই অবিশ্বাস্য ছিল, ইংল্যান্ডের যুক্তরাষ্ট্রের কাছে পরাজয়ের ব্যাপারটি। যুক্তরাষ্ট্রের পক্ষে গোলটি করেছিলেন ওয়াল্টার বাহর নামের এক ডিফেন্ডার।জার্মানি-আলজেরিয়া (স্পেন বিশ্বকাপ ১৯৮২)জার্মানি সেইবার হেরে গিয়েছিল উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ার কাছে। বিশ্বকাপের ইতিহাসের অন্যতম সেরা অঘটন এটি। খেলার আগে জার্মানির কোচ দম্ভভরে বলেছিলেন, ‘আমরা জিততে না চাইলেও আলজেরিয়া আমাদের হারাতে পারবে না।’ কিন্তু খেলায় শেষ পর্যন্ত আলজেরিয়ার কাছে ১-০ গোলে হেরে যায় জার্মানি।আর্জেন্টিনা-ক্যামেরুন (ইতালি বিশ্বকাপ, ১৯৯০)ম্যাচটি ছিল নব্বইয়ের বিশ্বকাপের উদ্বোধনী খেলা। তৎকালীন বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলে তখন ম্যারাডোনা থেকে শুরু করে বুরুশাগা, ভালদানো, পম্পিডোদের মতো তারকাদের ভিড়। ক্যামেরুনের কোনো খেলোয়াড়ের নামও কেউ তখন পর্যন্ত জানত না। ম্যারাডোনা ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বলেছিলেন, তাঁরা ক্যামেরুনকে হালকাভাবে নিচ্ছেন না। বলাই বাহুল্য, ওটা ছিল কেবল বলার জন্যই বলা। মনে মনে তারা অংক কষছিলেন ক্যামেরুনকে উড়িয়ে দেওয়ার। কিন্তু কী আশ্চর্য! শেষ পর্যন্ত ওমাম বিইয়িক নামের এক ফুটবলারের হেড কপাল পুড়িয়ে দেয় ম্যারাডোনা সৈনিকদের। খেলাটিতে ১-০ গোলে হেরে যায় আর্জেন্টিনা।ফ্রান্স-সেনেগাল (জাপান-কোরিয়া বিশ্বকাপ ২০০২)২০০২ বিশ্বকাপের উদ্বোধনী খেলা ছিল সেটি। সেনেগাল সেই ম্যাচে ফ্রান্সকে ১-০ গোলে পরাজিত করে। জিনেদিন জিদান, থিয়েরি অঁরির মতো তারকাদের সমন্বয়ে গড়া ফ্রান্সের সেই পরাজয়টি ছিল বিশ্বকাপের অন্যতম সেরা অঘটন। সেনেগালের বিপক্ষে সেই পরাজয়টি ফ্রান্সকে মানসিকভাবে এতটাই নিচে নামিয়ে দেয় যে তারা সেবার প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছিল।ইতালি-দক্ষিণ কোরিয়া (জাপান-কোরিয়া বিশ্বকাপ ২০০২)সেবার দক্ষিণ কোরিয়াই ছিল বিশ্বকাপের বিস্ময়। ইতালিকে ২-১ গোলে হারিয়ে সেইবার কোরীয়দের স্বপ্নযাত্রা শুরু হয়। শেষ পর্যন্ত দক্ষিণ কোরিয়া সেবার পৌঁছে যায় সেমিফাইনালে। দ্বিতীয় রাউন্ডের এই ম্যাচটিতে গোল্ডেন গোলে ইতালীয়দের হার বিশ্বকাপের অঘটনের ইতিহাসকে করেছে সমৃদ্ধ।