বিশ্বকাপের অন্য খবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেপসির বিজ্ঞাপনচিত্রে সুয়ারেজ
পেপসির বিজ্ঞাপনচিত্রে সুয়ারেজ

কদিন বাদেই শুরু হবে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’। গ্রহের সবচেয়ে আকর্ষণীয় ক্রীড়াযজ্ঞ শুরু হওয়ার আগে জানা যাচ্ছে নানা খবর। বিশ্বকাপ নিয়ে টুকরো খবরগুলো জেনে নেওয়া যাক—

ইতালি দলে ‘ব্রাজেন্টিনা’
দুই ‘চিরশত্রু’ ব্রাজিল-আর্জেন্টিনার খেলোয়াড়েরাও নিশ্চয়ই একে অন্যের বিরুদ্ধে বিদ্বেষ পুষে রাখেন মনে। কিন্তু যদি বলা হয়, ব্রাজিল আর আর্জেন্টিনার খেলোয়াড়ই কাঁধ মিলিয়ে লড়বে, সেটিও একই দলে! চমকে ওঠার আগে পুরো খবরটা তো শুনুন। পঞ্চম বিশ্বকাপ জয়ের মিশন নিয়ে ব্রাজিলে যাবে ইতালি। আজ্জুরিদের স্কোয়াডে ঠাঁই পেতে যাচ্ছেন প্যারিস সেন্ট জার্মেইর থিয়াগো মোত্তা ও ভেরোনা খমুলো। দুজনের জন্ম ব্রাজিলে। এ তালিকায় রয়েছেন জুভেন্টাসের দুই আর্জেন্টিনা বংশোদ্ভূত গ্যাব্রিয়াল পালেত্তা ও পাবলো ওসভালদো। ব্রাজেন্টিনার রহস্য এবার বোঝা গেল?

প্রযুক্তির যুক্তি

প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারটাই যুক্তিবাদীদের কাজ। প্রযুক্তির ছোঁয়া সবখানে। ফুটবল এর বাইরে নয়। কোন খেলোয়াড় শট নিলেন, কতটা জোরে নিলেন, কতবার বল স্পর্শ করলেন, এমনকি প্রতিপক্ষ কোনো খেলোয়াড় কত জোরে পায়ে আঘাত করল ফাউল করার সময়—সব তথ্য পেতে চায় স্প্যানিশ ফুটবল ফেডারেশন। এ কারণে সংস্থাটি চুক্তি করেছে একটি কোম্পানির সঙ্গে, যারা বিশ্বকাপে এ ধরনের তথ্য সরবরাহ করবে। কার্বন ফাইবার শিন প্যাডে থাকবে বিশেষ সেন্সর, যেটি তথ্য সরবরাহ করবে কম্পিউটারে। একই সঙ্গে এটির মাধ্যমে খেলোয়াড়দের পরস্পরের দূরত্বও জানা যাবে।


অশ্বখুরের নাল

বিশ্বকাপে নিরাপত্তার ক্ষেত্রে এতটুকু ছাড় দিতে রাজি নয় নিরাপত্তাকর্মীরা। নিরাপত্তা নির্বিঘ্ন করতে জলের মতো টাকা ঢালতে কুণ্ঠা বোধ করছে না আয়োজকেরা। তাই বলে অশ্বখুরের নাল কিনতে ব্যয় হবে ৫০ লাখ টাকা! ঘোড়ার খুরে পরানোর জন্য ৪ হাজার ৪৪টি নাল (হর্সসু) কেনার নির্দেশ দিয়েছে মাউন্ট পুলিশ রেজিমেন্ট। একই সঙ্গে এক লাখ ২৬ হাজার ২০০ পেরেকও চেয়েছে তারা।


সুয়ারেজ রকস

ক্লাব ফুটবলে দুরন্ত গতিতে ছুটছেন লুইস সুয়ারেজ। উরুগুয়ের সমর্থকদের প্রত্যাশা, বিশ্বকাপেও এ গতি ধরে রাখবেন লিভারপুল স্ট্রাইকার। পুরো উরুগুয়ে এখন কাঁপছে সুয়ারেজ-জ্বরে! দেশটির পথে-প্রান্তরে, মানুষের পোশাক-পরিচ্ছদে সবখানেই ঠাঁই পাচ্ছে একটি লেখা—‘দ্য সুয়ারেজ’। লিভারপুল তারকা এরই মধ্যে একটি শীর্ষ পানীয় কোম্পানির বিজ্ঞাপনে মডেল হয়েছেন। সেখানে তিনি রকস্টার স্টিফেনউলফের ‘বর্ন টু বি ওয়াইল্ড’ ভূমিকায় অবতীর্ণ হয়েছেন।


বিশ্বকাপ জিতবে রাশিয়া?

যে কথা বলার সাহস পাননি ফাবিও ক্যাপেলো, সেটিই অবলীলায় বলে দিলেন ভেসিলি বেরেজুিস্ক! কী বলেছেন সিএসকেএ মস্কো ডিফেন্ডার? শুনুন তাঁর মুখেই, ‘সম্ভবত আমি খুবই আশাবাদী। বিশ্বকাপের চূড়ান্ত পর্বে যাচ্ছি শিরোপা জয়ের লক্ষ্যেই।’ অথচ রাশিয়ার কোচ ক্যাপেলোর লক্ষ্য কোয়ার্টার ফাইনালে যাওয়া। নিন্দুকেরা হয়তো বলবেন, ‘সূর্যের চেয়ে বালি গরম!’


ক্লাব ফুটবলে দুর্দান্ত, জাতীয় দলে ব্রাত্য!

দেশের ঘরোয়া ফুটবলে সর্বোচ্চ গোলদাতা। অথচ জাতীয় দলে সুযোগ পাবেন কি না তা নিয়ে ঘোর অনিশ্চয়তা! নিয়তির কী খেলা! এটিই ঘটেছে রোস্তভ ফরোয়ার্ড আর্তেম জুইবার ক্ষেত্রে। রাশিয়ান লিগের এ সর্বোচ্চ গোলদাতার বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা ক্ষীণ বলেই কি না বিরস বদনে বললেন, ‘যদি সর্বোচ্চ গোলদাতা হিসেবে মৌসুম শেষ করি তবুও নিশ্চিত নয় ক্যাপেলো আমাকে দলে ডাকবেন কিনা। জায়গা পেতে আমি যে কোনো কিছুই করতে পারি। তবে আমি যোগ্য কিনা, সেটির সিদ্ধান্ত নিতে পারেন একমাত্র তিনিই (ক্যাপেলো)।’ এর আগে ক্যাপেলো মাত্র দুটো ম্যাচে খেলিয়েছেন। হয়তো এ কারণেই দলে জায়গা পাওয়ার আশা করছেন না এই স্ট্রাইকার।

সুয়ারেজের বিজ্ঞাপনচিত্রটি দেখুন