বিশ্বকাপের অলরাউন্ডার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরশু বেঙ্গালুরুতে শুধু রাজত্বই করেননি, যুবরাজ সিং রেকর্ডের পাতায় তুলে দিয়েছেন নিজের নামও। বিশ্বকাপে প্রথম খেলোয়াড় হিসেবে ফিফটি ও ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন ভারতের এই ‘মিনি অলরাউন্ডার’। একই ম্যাচে ফিফটি ও ৪ উইকেটের কীর্তি অবশ্য আগে পাঁচজনের ছিল। ১৯৮৩ বিশ্বকাপে অস্ট্রেলিয়া-বধের সেই ম্যাচে জিম্বাবুয়ের ডানকান ফ্লেচার ব্যাট হাতে অপরাজিত ৬৯ রানের পর বল হাতেও নিয়েছিলেন ৪ উইকেট। ১৯৯২ বিশ্বকাপে এই কীর্তি করে দেখান ইংলিশ অলরাউন্ডার ইয়ান বোথাম। ১৯৯৯ বিশ্বকাপে কেনিয়ার বিপক্ষে ৫৯ রান ও ৪ উইকেট নেন জিম্বাবুয়ের নিল জনসন। ২০০৩ বিশ্বকাপে বাংলাদেশকে প্রায় একাই (অপরাজিত ৫২ ও ৪ উইকেট) হারিয়ে দিয়েছিলেন মরিস ওদুম্বে। হল্যান্ডের ফেইকো ক্লোপেনবার্গ স্মরণীয় হয়ে আছেন আরেক কীর্তি গড়ে। ২০০৩ বিশ্বকাপে নামিবিয়ার বিপক্ষে ৪ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে করেছিলেন সেঞ্চুরি! বিশ্বকাপে একমাত্র খেলোয়াড় হিসেবে সেঞ্চুরি ও ৪ উইকেট নেওয়ার কীর্তিটা ক্যারিয়ারে মাত্র ছয়টি ওয়ানডে খেলা ক্লোপেনবার্গের।