বিশ্বকাপের আগে আর্জেন্টিনার সতর্ক সংকেত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রীতি ম্যাচে জয় নয়, বিশ্বকাপের ‘বি’ গ্রুপের তিন প্রতিপক্ষ নাইজেরিয়া, দক্ষিণ কোরিয়া ও গ্রিসকে যেন সতর্ক সংকেতই জানিয়ে দিলেন ম্যারাডোনা। বিশ্বকাপকে সামনে রেখে রাজধানী বুয়েন্স আয়োর্সে নিজেদের শেষ ওয়ার্মআপ ম্যাচে গতকাল সোমবার কানাডাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা।ফিফা বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসিকে বিশ্রাম দিয়েছিলেন ম্যারাডোনা। দলের সেরা এই স্ট্রাইকারের অনুপস্থিতিতেও এক মুহূর্তের জন্য পিছু ফিরে তাকাতে হয়নি আর্জেন্টিনাকে। বিশ্বকাপে প্রতিপক্ষ দলকে স্ট্রাইকারদের চেয়ে আর্জেন্টিনার মিডফিল্ডাররা যে কম ভোগাবেন না, এই রিহার্সেলও হয়ে গেছে গতকাল। মিডফিল্ডার ম্যাক্সি রদ্রিগেজ জোড়া গোল করে বিশ্বকাপে ঝলসে ওঠার আগাম বার্তা দিয়ে রেখেছেন। কানাডাকে হতাশায় ডোবানো এই ম্যাচে আরেক মিডফিল্ডার অ্যাঙ্গেল ডি মারিয়াও গোলের দেখা পেয়েছেন। এ ছাড়া স্ট্রাইকার কার্লোস তেভেজ ও সার্জিও অ্যাগুয়েরো উভয়ই একটি করে গোল করেছেন।বিশ্বকাপ শুরুর পরের দিন ১২ জুন নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ডিয়েগো ম্যারাডোনার দল। দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছাড়ার আগে কানাডার বিপক্ষে ম্যাচটি শেষ প্রস্তুতি ছিল বলে স্টেডিয়ামে হুমড়ি খেয়ে পড়েন আর্জেন্টিনার সমর্থকেরা। উপস্থিত ৫৫ হাজার সমর্থককে হতাশ করেননি আর্জেন্টিনার সমর্থকেরা। দলের মূল অস্ত্র মেসিকে ছাড়াই আর্জেন্টিনার ফুটবলারেরা যেভাবে প্রতিপক্ষকে উড়িয়ে দিলেন, তাতে আর্জেন্টিনা সমর্থকদের প্রত্যাশার চূড়াটা হয়তো বেশ খানিকটা ওপরে উঠে গেছে।প্রত্যাশা আরও বেড়ে গেছে কোচ ডিয়েগো ম্যারাডোনার কথায়। ম্যাচ শেষে স্থানীয় টেলিভিশনকে এই কিংবদন্তি বলছেন, ‘আমরা যা চাই, তা-ই করে দেখিয়েছে ফুটবলাররা। আর্জেন্টিনার জার্সি গায়ে তোলার পর প্রস্তুতি ম্যাচ বলতে কিছু থাকে না। খেলোয়াড়েরা প্রমাণ করেছে, বিশ্বকাপে শক্তিশালী দল নিয়ে যাচ্ছি আমরা। সমর্থকেরা ফুরফুরে মেজাজে থাকতে পারেন। বিশ্বকাপে আরও ভালো করব আমরা।’ প্লেমেকার সেবাস্তিয়ান ভেরন বলছেন, ‘ধৈর্য ও সতর্কতার সঙ্গে খেলেছি আমরা। মূল আসরে নামার আগে এরকম একটা জয়ই প্রয়োজন ছিল আমাদের।’