বিশ্বকাপের আগে ছোটদের বিশ্বকাপ
খুদে ক্রিকেটারদের বিশ্বকাপের মাঠে ঢোকার স্বপ্ন নিয়ে কাল শুরু হলো ‘আইসিসি মিনি ক্রিকেট বিশ্বকাপ’। আইসিসির স্কুল কন্টাক্ট কর্মসূচির মাধ্যমে বাছাই করা ১৬টি স্কুল নিয়ে ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। উদ্বোধনী দিনে জিতেছে মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা আইডিয়াল স্কুল, উইলস লিটল ফ্লাওয়ার এবং রায়ের বাজার হাইস্কুল। টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান। উপস্থিত ছিলেন বিসিবির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাহবুবুল আনাম। টুর্নামেন্টের ফাইনালে ওঠা দুই দলের ক্রিকেটাররা বিশ্বকাপ ম্যাচ শুরুর আগে দুই দলের জাতীয় পতাকা ও আইসিসির পতাকা নিয়ে মাঠে ঢুকবে। বাকি ১৪ দল থেকে বেছে নেওয়া হবে একজন করে ক্রিকেটার। ১৭ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বকাপের ১৪ দেশের অধিনায়কের হাত ধরে মাঠে ঢোকার সুযোগ পাবে তারাও।