বিশ্বকাপের আগে বিপিএল নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনুষ্ঠানিক সিদ্ধান্ত এখনো হয়নি। তবে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিপিএলের তৃতীয় আসর হওয়ার সম্ভাবনা কমই। এবার ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ সময়মতো না হাওয়ার ধাক্কায় ঘরোয়া ক্রিকেটের পুরো সূচিই হয়ে পড়েছে এলোমেলো। এ পরিস্থিতিতে নানা দেনা-পাওনা নিয়ে বিতর্কিত ‘বকেয়া প্রিমিয়ার লিগ’টাকে (বিপিএল) পিছিয়ে দেওয়ারই চিন্তাভাবনা। যাতে আরেকবার গর্তে পড়ার আগে পুরোনো গর্ত থেকে উঠে দাঁড়াতে পারে বিসিবি।আদালতের নির্দেশনা পেয়ে বিসিবি এখন নির্বাচনমুখী। বিসিবির আজকের সভা নির্বাচনকে বেগবান করতে পারে আরও। শেষ পর্যন্ত মাঠে গড়াক না-গড়াক, আরও একবার ঠিক হতে পারে প্রিমিয়ার লিগেরও ভবিষ্যৎ। ঘরোয়া ক্রিকেটসূচির আলোচনায় উঠে আসবে বিপিএলও। আলোচনা হবে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের বিভিন্ন ভেন্যুর প্রস্তুতি কাজের অগ্রগতি নিয়ে। বিসিবির অস্থায়ী কমিটির আজকের সভার দিকে তাই তাকিয়ে গোটা দেশের ক্রিকেটই।আলোচ্যসূচিই বলে দিচ্ছে, নাজমুল হাসানের বর্তমান কমিটি চাইলে মাঠ এবং মাঠের বাইরে ক্রিকেটকে আরও গতিশীল করার উদ্যোগ নিতে পারে এ সভায়। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী বিসিবির নির্বাচন ২০১২ সালের ২৯ নভেম্বরের গঠনতন্ত্র মেনে হতে হবে। পরবর্তী পদক্ষেপ হিসেবে এখন নির্বাচনের তারিখ ঘোষণা করবে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। তার আগে আজকের সভার মাধ্যমে এনএসসিকে যত দ্রুত সম্ভব নির্বাচনের তারিখ ঘোষণার অনুরোধ জানানো হবে। একই সঙ্গে নতুন গঠনতন্ত্র অনুযায়ী সাধারণ পরিষদের কাউন্সিলরদের নাম পাঠানোর জন্যও বলা হবে বিভিন্ন ক্লাব, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাকে। বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস সংক্ষেপে বললেন, ‘সভায় নির্বাচন নিয়ে আলোচনা হবে। নির্বাচনের তারিখ, কাউন্সিলরদের চিঠি দেওয়া—এসব বিষয় থাকবে।’২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে এনএসসি-বিসিবি দুই প্রতিষ্ঠানই এখন ভীষণ কর্মতৎপর। ঢাকা, চট্টগ্রাম, ফতুল্লা, কক্সবাজার, সিলেটের স্টেডিয়াম-ড্রেসিংরুম নির্মাণ ও সংস্কার নিয়ে তারা এতই ব্যস্ত যে অনেক সময় কাজ শুরুর আগে দরপত্র আহ্বানেরও সময় পাচ্ছে না! আজকের সভায় সেসব কাজের অগ্রগতি নিয়ে আলোচনা হবে। এই একটা জায়গায় অবশ্য বিসিবির দুশ্চিন্তার তেমন কিছু নেই। সংস্কার-নির্মাণের কাজ যেহেতু সব কাছের লোকেরাই করছেন, বিশ্বকাপের আগে তাঁরা নিশ্চয়ই ক্রিকেট বোর্ডকে বিপদে ফেলবেন না।তবে মাঠের ক্রিকেট নিয়ে উদাসীন বর্তমান অস্থায়ী কমিটির আমলে বিপদেই পড়ে আছে দেশের দেড়-দুই হাজার ক্রিকেটার। এবারের ঈদ তাঁদের জন্য আনন্দের চেয়ে হতাশাই নিয়ে আসছে বেশি। বিসিবি সভাপতি যতই ঘরোয়া ক্রিকেট ‘হলে হবে না হলে নাই’ মানসিকতা নিয়ে চলেন না কেন, ক্রিকেটারদের কাছে নির্বাচন বা টি-টোয়েন্টি বিশ্বকাপের চেয়েও বড় দুবেলা দুমুঠো খাওয়ার ব্যবস্থা করা। অথচ মার্চ-এপ্রিলের লিগ নিয়ে জুলাই-আগস্টে এসেও ঘোর অনিশ্চয়তায় তাঁরা। বিসিবি অবশ্য কিছুদিন আগে আরেক দফা লিগ পেছানোর বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, লিগ হবে সেপ্টেম্বরে। আজকের সভায় সিদ্ধান্ত হওয়ার কথা এ ব্যাপারেও। তবে প্রিমিয়ার লিগের সঙ্গে যেহেতু ক্লাবের স্বার্থও জড়িত, খেলা মাঠে গড়ানোর আগ পর্যন্ত বলা মুশকিল লিগটা আসলেই হবে কি না। এই বিসিবির কাছে ক্লাব আজ্ঞাই শিরোধার্য। ক্লাবগুলোকে খুশি না করে ক্রিকেটারদের স্বার্থ দেখাটা তাদের কাছে রূপকথার মতো শোনায়।ক্রিকেটারদের জন্য আরেকটা খারাপ খবর, প্রিমিয়ার লিগ বারবার পেছানোর ধাক্কা ছায়া ফেলছে পরের বিপিএলেও। ২০১৩-১৪ মৌসুমের সূচিতে বিপিএলের জন্য জুতসই জায়গাই খুঁজে পাওয়া যাচ্ছে না। ২০১২-১৩ মৌসুমের প্রিমিয়ার লিগ নাকি হবে সেপ্টেম্বরে। সেটা হলে অক্টোবরে নিউজিল্যান্ড সিরিজের জন্য বন্ধ রাখতে হবে সুপার লিগের খেলা। নিউজিল্যান্ড সিরিজ শেষে সুপার লিগ, জাতীয় ক্রিকেট লিগ ও বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) শেষ হতে হতে শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজ এগিয়ে আসবে। পরপরই বাংলাদেশে এশিয়া কাপ এবং তার পর পরই টি-টোয়েন্টি বিশ্বকাপ। জুনে তিন ওয়ানডের সিরিজ খেলতে বাংলাদেশে আসতে পারে ভারত। কাজেই বিপিএলের আপাতত ঠিকানা হতে যাচ্ছে হিমঘর।