বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে উপস্থিত থাকার আশা ম্যান্ডেলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকার প্রতীক বলা যেতে পারে বর্ণবাদবিরোধী আন্দোলনের প্রবাদপুরুষ নেলসন ম্যান্ডেলাকে। নিজ দেশ দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দর্শকদের মাঝে তিনি উপস্থিত থাকবেন—এটাই সবার প্রত্যাশা। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তিনি উপস্থিত থাকতে পারবেন কি না, তা নিয়ে সংশয়ের দোলাচলে দুলছে সবাই।শারীরিক অনেক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও বিশ্বকাপের এই মিলনমেলার ডাক উপেক্ষা করতে পারছেন না সাবেক দক্ষিণ আফ্রিকা প্রেসিডেন্ট। অল্প কিছুক্ষণের জন্য হলেও শুক্রবার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে উপস্থিত থাকার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। কিন্তু তাঁর উপস্থিতি সম্পর্কে এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডালা ম্যান্ডেলা জানিয়েছেন, বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের দিন আবহাওয়া পর্যবেক্ষণ করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তাঁর পরিবার। জাতি-বর্ণ ভুলে সারা বিশ্ব এক কাতারে এসে দাঁড়াবে বিশ্বকাপের মধ্য দিয়ে। এমন একটি ঐতিহাসিক মুহূর্তে নেলসন ম্যান্ডেলার উপস্থিতি শুধু দক্ষিণ আফ্রিকানদের জন্যই নয়, সারা দুনিয়ার মানুষের জন্যই তাত্পর্যপূর্ণ। শান্তিতে নোবেলজয়ী ম্যান্ডেলার দিকে তাকিয়ে মানুষ আবার হয়তো শপথ নেবে বিশ্বশান্তি প্রতিষ্ঠা করার লক্ষ্যে।