‘ঢুকবি তো ঢোক ঘোগের ঘরে।’ তা ঘোগ হোক বা অন্য কিছু, আমাদেরও ‘বাঘ’ বলে খ্যাতি রয়েছে। এমনি কেঁদোমেদো নয়, রীতিমতো ‘টাইগার’। ক্রিকেটে যত বড় বড় ‘ঘোগ’ রয়েছে, প্রত্যেককেই কুপোকাত করেছি আমরা। অতএব, ঘোগকে থোড়াই কেয়ার করি।ক্রিকেটাররা মাঠে ঘোগদের কখনো সামাল দিচ্ছে, আবার কখনো বা বেসামাল হচ্ছে। কিন্তু সমর্থক হয়ে সামাল দেওয়া যে কী বিড়ম্বনার, তা টের পেয়েছি বিশ্বকাপ শুরুর সময়টিতে। আসলে দেশে নিজ ঘরে বালিশে হেলান দিয়ে আরামসে বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠান এবং বাংলাদেশ বনাম ভারতের খেলাটি আমার দেখা হয়নি। দেখেছি বিদেশে, হোটেলের লাউঞ্জে বসে ক্রিকেটীয় শত্রু পরিবেষ্টিত হয়ে। শত্রু মানে সেই যে ‘ঘোগ’ বললাম, সেই সব প্রতিপক্ষ। অর্থাৎ ভারত, পাকিস্তান আর শ্রীলঙ্কার মানুষ ও সমর্থকদের মাঝে বসে দেখা।গিয়েছিলাম ভারতের কেরালায় একটি আর্ট ক্যাম্পে যোগ দিতে। এই আয়োজন ছিল ত্রিবান্দ্রমের ‘এসচুয়ারি আইল্যান্ড’ রিসোর্টে। সার্কভুক্ত দেশগুলোর ৩৫ জন ছবি আঁকিয়ে নিয়ে ছিল এই ক্যাম্প। তো সব দেশই যে ক্রিকেট-পারদর্শী, তা তো নয়। বাংলাদেশসহ মোট চারটি দেশ অর্থাৎ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আমরা। এই কয়টি দেশের মানুষই শুধু বিশ্বকাপের জ্বরে আক্রান্ত। অন্যদের কোনো মাথাব্যথা নেই। তারা মনের সুখে নীল সমুদ্র আর কেরালার বিশেষ সবুজ প্রকৃতিতে আপ্লুত হয়ে ঘোরাফেরায় ব্যস্ত যখন, তখন আমরা অর্থাৎ ক্রিকেটপ্রেমীরা খেলা নিয়ে মোহিত।বেশ ফুরফুরে মেজাজে দিন দুয়েক কাটাতেই এসে গেল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠান দেখে তো সবাই থ। দিল্লির এক শিল্পী তো উচ্ছ্বসিত প্রশংসা করতে গিয়ে বলেই ফেললেন, ‘দারুণ অনুষ্ঠান হয়েছে। যেমন বর্ণাঢ্য, তেমনই অভিনবত্বে ভরা। চমৎকার! দিল্লির এশীয় গেমসের সংশ্লিষ্টরা লজ্জা পাবেন নির্ঘাত।’উক্তিটি শুনে তো সীমাহীন আনন্দে বুক টান করে কাটালাম দুদিন। গর্বে অতি উৎসাহিত হয়ে যে কথাটি শোনালাম তাদের, তা প্রকারান্তরে সুপ্ত ভাবনাকে উসকে দেওয়ার মতো হয়ে গেল। বলেছিলাম, ‘আরে, শুধু তো উদ্বোধনী দেখলে, পরশু যখন ভারত হারবে, তখন কী যে ঘটনা ঘটবে, তা কল্পনাও করতে পারবে না।’এই কথায় ভারত, পাকিস্তান আর শ্রীলঙ্কার শিল্পীরা সবাই এককাট্টা হয়ে গেল। শুধু বলল, ‘আর তো ক ঘণ্টা বাকি! দেখা যাক! লেটস হোপ ফর দ্য বেস্ট।’ তবে কিনা আমি আমার কথাটি এমনি-এমনি বলিনি। বলেছি নিজেদের টিমের অবস্থা চিন্তা করেই। তাদের হাতে ধরা খেয়ে ভারতই শুধু নয়, অনেকেই মোক্ষম সময়ে নাকাল হয়েছে। অতএব এবারও যে তার পুনরাবৃত্তি হবে না, সে কথা ভেবে ভারতের সবাই-ই আতঙ্কিত থাকে। কোনো কোনো টিম থাকে, যাদের নিয়ে জুজুর ভয়ে পেয়ে বসে। যেমন আমাদের ছেলেরাও, দুনিয়া-কাঁপানো দলগুলোকে ধরাশায়ী করে একেবারে বোকা বানিয়ে ছাড়ে। অথচ নিজেরা আয়ারল্যান্ডের মতো দলগুলোর সামনে রামকাঁপুনিতে পড়ে যায়। জুজুর ভয় তাদেরও পেয়ে বসে যেন। এবারও তো প্রায় ধরা খাওয়ার পথে পা দিয়েই ফেলেছিল বলা চলে। যা-ই হোক, ভারত-বাংলাদেশ খেলার কথায় ফেরা যাক। বিশ্বকাপ ক্রিকেটের প্রথম খেলা শুরু হয়ে গেছে বেশ কিছুক্ষণ আগে। কিন্তু লাঞ্চের সময় রেস্তোরাঁয় বসে আছি সবাই। খেলা দেখার জন্য মনে আঁকুপাঁকু হাল। দ্রুত খাওয়া-দাওয়া সারার চেষ্টা করছি। রেস্তোরাঁয় কোনো টিভি সেট নেই। অতএব ঘরে অথবা রিসিপশন লাউঞ্জে গিয়ে টিভিকে সঙ্গী করতে হবে।তাড়াহুড়ো দেখে একই টেবিলে এসে বসতে বসতে আমাদের ক্যাম্প-আয়োজনের প্রধান সঞ্জীভ ভার্গভ পিঠে হাত বোলাতে বোলাতে বললেন, ‘স্যার, থোড়া স্লোলি খাইয়ে। জলদি কা কেয়া হ্যায়। অলরেডি ইওর ক্যাপ্টেন সাকিব আল হাসান হ্যাজ ডান এ ব্লান্ডার। ইন্ডিয়াকো ব্যাটিং করনে দিয়া।’ এ কথা বলে অর্থপূর্ণ হাসির ছররা ছুটিয়ে বললেন, ‘গুড লাক।’ভারতকে চেস করা কঠিন, এই ইঙ্গিতটা বুঝতে বেগ পেতে হলো না। তাদের দুর্দান্ত ব্যাটিং লাইন-আপটার কথাই মনে করিয়ে দিলেন বলা চলে। নারকেল মেশানো ভেজ-ভাত-তরকারি গলাধঃকরণ এমনিতেই অস্বস্তিকর মনে হচ্ছিল, তার ওপর আবার ওই দুশ্চিন্তা মনে ধরিয়ে দেওয়ায় তো গলা শুকিয়ে আরও কাঠ। কী আর করি। খোঁটামাখা কথার উত্তর দেওয়ার জন্য আধপেটা খাওয়া খেয়েই উঠে যেতে যেতে বিভিন্ন সময়ে শোনা এবং মুখস্থ হয়ে যাওয়া ক্রিকেটীয় বাক্যটি কষে ঝেড়ে দিলাম। ভাষ্যকারদের মতো অতি রপ্ত-আপ্ত বাক্যটি অর্থাৎ ‘ক্রিকেট ইজ অ্যা মোস্ট আনপ্রিডিক্টেবল গেম! লেটস ওয়েট অ্যান্ড সি’ বলে সঙ্গে যোগ করে দিলাম, ‘ডোন্ট আন্ডারএস্টিমেট আওয়ার বয়েজ। দে আর নো মোর মিনোওজ।’দ্রুত উঠে মাঠ পেরিয়ে রিসিপশন লাউঞ্জে গিয়ে হাজির হলাম। তিনিও সঙ্গ নিলেন। ঢুকেই টিভিতে চোখ গেল। দেখলাম, শচীন টেন্ডুলকার দিগ্বিদিক জ্ঞানশূন্যের মতো ঝেড়ে দৌড়ে আসছেন শেবাগের দিকে। আর শেবাগ কড়ইগাছের কাণ্ডের মতো নট নড়ন দাঁড়িয়ে আছেন বলের দিকে চোখ রেখে। শচীনের হাল দেখছেন না। ব্যস! রান আউট শচীন। স্টেডিয়ামে দর্শককুলের আকাশ-বাতাস ফাটানো চিৎকার। আমি তখন উপস্থিত সুধীজনদের মধ্যে দাঁড়িয়ে চিৎকার দেব কি না, ভাবতে গিয়ে ভার্গভের দিকে তাকালাম। দেখলাম, তিনি নির্বিকার, তবে ঈষৎ গম্ভীর যেন। কিন্তু এরপর তো শেবাগ আর বিরাট কোহলি মহাদুর্যোগ শুরু করে দিলেন। আসর ছেড়ে অতএব দ্রুত কেটে পড়া ছাড়া উপায় থাকল না। কারণ, মনে হলো সবাই আমাদের দিকে তাকিয়ে আছে করুণার চোখ মেলে। বাকিটা ঘরে বসে দেখলাম। হারই হলো শেষ পর্যন্ত। কিন্তু তবু বলব, আমাদের টাইগাররা লড়াই করেছে খুব জোর। যা-ই হোক, পরের দিন থেকে শত্রু-মিত্রে আবার মিলমিশ হয়ে গেল আমাদের। তবে তার আগে বলতে ভুললেন না যে ‘কিঁউ সাব, বোলা থা না—ইন্ডিয়াকো চেইজ করনা আসান কাম নেহি?’ এ কথার পর একটু ব্যথার মলম লাগাতেও ভুললেন না। বললেন, ‘বাট, ইওর বয়েজ প্লেইড ওয়েল। এনিওয়ে—যো হোনা থা, সো হুয়া। ঘাবড়াইয়ে মাত। আগে বাড়িয়ে।’