বিশ্বকাপের গ্রুপ নিয়ে খুশি মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এফ’ গ্রুপে তিন প্রতিপক্ষ নাইজেরিয়া, ইরান ও বসনিয়া। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের ড্র-ভাগ্য তুলনামূলক সহজ গ্রুপেই ফেলেছে আর্জেন্টিনাকে। বিশ্বকাপে এমন গ্রুপ পেয়ে লিওনেল মেসি খুশি। নিজের আনন্দটা প্রকাশও করে দিয়েছেন আর্জেন্টাইন তারকা। যদিও চারবারের ফিফা বর্ষসেরা ফুটবলার কোনো প্রতিপক্ষকেই হালকা করে দেখছেন না।

হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে পড়া মেসি পুনর্বাসনে রয়েছেন নিজের দেশ আর্জেন্টিনায়। চোট থেকে সেরে উঠতে আর্জেন্টিনার জাতীয় দলের বেস ক্যাম্পে নিয়ম করে প্রতিদিন দুই বেলা অনুশীলন করছেন। সেখানে থেকেই বিশ্বকাপের ড্র অনুষ্ঠানটা দেখেছেন। ড্র নিয়ে গত পরশু নিজের প্রতিক্রিয়া জানিয়ে চীনের সামাজিক যোগাযোগের মাধ্যম ‘ওয়েইবো’তে একটা পোস্ট দিয়েছেন বার্সেলোনা স্ট্রাইকার, ‘আমাদের গ্রুপ পেয়ে আমি খুশি। তবে কোনো প্রতিপক্ষই সহজ নয়—তারা সবাই ভালো দল।’

আনন্দবার্তার সঙ্গে নিজের দুটি ছবিও পোস্ট করেছেন মেসি। ছবিতে দেখা যাচ্ছে ফিটনেস অনুশীলন করছেন। সকালের অনুশীলন শেষেই মেসি ছোটেন চোটগ্রস্ত হাঁটুর এমআরআই করাতে। সেখান থেকে ছুটে গেছেন রোজারিওতে পরিবারের সঙ্গে যোগ দিতে। আজ পর্যন্ত পরিবারের সঙ্গে কাটিয়ে আবার বুয়েনস এইরেসে ফিরে পুনর্বাসনে যোগ দেবেন বলেই খবর। ওয়েবসাইট।