বিশ্বকাপের ছায়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 নিউজিল্যান্ড সিরিজের আগে স্টেডিয়ামের যে অংশজুড়ে চেয়ার বসার কথা ছিল, বসে গেছে। আকাশি, কমলা কোথাও আবার জলপাই রঙের চেয়ার। নানা রঙে রঙিন গ্যালারি দেখলেই মনে হবে বিশ্বকাপের রং লাগতে শুরু করেছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের গায়ে। প্রথম ওয়ানডের আগের দিন বাংলাদেশ দলের কোচিং স্টাফদের সঙ্গে সভা করলেন বোর্ড সভাপতি। আলোচ্য বিষয়ে থাকল বিশ্বকাপও।  আজ থেকে শুরু বাংলাদেশ-নিউজিল্যান্ডের পাঁচ ওয়ানডের সিরিজের আগে দুই অধিনায়কের কথায়ও আছে বিশ্বকাপ—মাশরাফি বিন মুর্তজা: বিশ্বকাপের সেরা প্রস্তুতি হবে এটা আমাদের জন্য। জিম্বাবুয়ের বিপক্ষে আরেকটা সিরিজ থাকলেও বিশ্বকাপের আগে বড় দলের বিপক্ষে আর খেলা নেই। এখানে যত ভালো খেলব, ততই ভালো।ড্যানিয়েল ভেট্টোরি: বিশ্বকাপের কথা মাথায় রাখলে এটা আমাদের জন্য আসলেই খুব গুরুত্বপূর্ণ সিরিজ। বিশ্বকাপের জন্য সেরা খেলোয়াড়দের খুঁজে বের করতে হবে। কাজেই বিশ্বকাপে চোখ রেখে প্রতিটা ম্যাচেই মনোযোগী হতে হবে আমাদের।ক্রিকেটের বৃহৎ আয়নায় আজ থেকে শুরু সিরিজটা বড় কিছুর দিকে এগিয়ে যাওয়ার একটা ধাপ মাত্র। তার পরও এটা একটা আলাদা সিরিজ, এখানেও আছে জয়-পরাজয়, সাফল্য-ব্যর্থতার চিরায়ত সমীকরণ। কাল সিরিজের আগে সংবাদ সম্মেলনে সে সমীকরণের নিচে একটা আশার রেখা টেনে দিলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি, ‘গত দেড়-দুই মাস খুব ভালো অনুশীলন হয়েছে আমাদের। ব্যাটিং-বোলিং যাই করি, কাল (আজ) শুরুটা ভালো করলে আশা করি ভালো কিছুই হবে। নিউজিল্যান্ডকে এর আগেও আমরা হারিয়েছি, ভালো খেললে আবারও হারানো সম্ভব।’‘ভালো খেলা’র অনেক অংশের মধ্যে নিউজিল্যান্ডকে ২৪০-২৫০ রানের মধ্যে আটকে রাখাটা সুনির্দিষ্টভাবে জানা গেল। সে জন্য কী করতে হবে, বলে দিলেন সেটিও, ‘আমরা পেস বোলাররা অনেক সময় শুরুতে বেশি রান দিয়ে ফেলি, যে কারণে পরে স্পিনাররা আক্রমণ করতে পারে না। পেস বোলাররা ভালো শুরু করলে এবং পরে স্পিনাররাও তাদের কাজটা করতে পারলে সুযোগ আসবেই।’নিউজিল্যান্ডের এই দলে ১০টির কম ওয়ানডে খেলেছেন, এমন খেলোয়াড়ের সংখ্যা ছয়। বাংলাদেশই তো তাই এই সিরিজে অভিজ্ঞতর দল। ভেট্টোরিও মানছেন সেটা, তবে অন্য দৃষ্টিভঙ্গিতে, ‘আমি দুই দলের খেলোয়াড়দের পরিসংখ্যান ঘেঁটে দেখিনি। তবে দুই দলেই অভিজ্ঞ ক্রিকেটার আছে। তার পরও নিজেদের কন্ডিশনে বাংলাদেশকেই বেশি অভিজ্ঞ বলতে হবে।’নিউজিল্যান্ডের অভিজ্ঞতায় পিছিয়ে পড়ার বড় কারণ জ্যাকব ওরাম ও স্কট স্টাইরিসের চোটজনিত অনুপস্থিতি। বাংলাদেশকে পেলেই জ্বলে ওঠাকে অভ্যাস বানিয়ে ফেলা ওরামের বিকল্প একজনকে অবশ্য খুঁজে পেয়েছেন ভেট্টোরি, ‘আমি মনে করি নাথান ম্যাককালামের ব্যাটিংটা আমাদের কাজে লাগবে। ওর শটে অনেক জোর। আশা করছি, জ্যাকবের (ওরাম) কাজটা নাথানই করে দেবে।’তামিম ইকবালের অনুপস্থিতিতে শাহরিয়ার নাফীসের কাছে ঠিক একই প্রত্যাশার কথা জানিয়ে রাখলেন মাশরাফি। ওপেনিং জুটিতে আজ প্রথমবারের মতো ইমরুল কায়েসের সঙ্গী হতে যাওয়া শাহরিয়ারের ওপর যথেষ্টই আস্থা অধিনায়কের, ‘শুধু আমি না, দলের প্রত্যেকেই তামিমের অভাব অনুভব করছে। তার পরও আমাদের এখন শাহরিয়ারকেই সাহস দিতে হবে। ও অভিজ্ঞ খেলোয়াড়, তার পক্ষেও সম্ভব অনেক কিছু করা। শাহরিয়ারের ওপর আমাদের পূর্ণ আস্থা আছে। ও যদি আগের মতো বড় ইনিংস খেলতে পারে, আমার মনে হয় কাজটা তামিমের চেয়ে সে খারাপ করবে না।’অধিনায়ক পিঠ চাপড়ে দিলেন। কোচ জেমি সিডন্সেরও আশা, তামিমের অনুপস্থিতির সুযোগটা শাহরিয়ার ভালোভাবেই কাজে লাগাবেন। আশাবাদী প্রায় আড়াই বছর পর ওয়ানডে দলে ফেরা শাহরিয়ার নিজেও, ‘আমি “এ” দলের হয়ে বা প্রিমিয়ার লিগে যে খেলাটা খেলেছি, সেটাই এখানে খেলার চেষ্টা করব। গত দেড় মাসের অনুশীলনে কোচ সিডন্সের সঙ্গে আলাদা কাজ করে টেকনিকে অনেক উন্নতি হয়েছে। তবে সবই প্রমাণিত হবে মাঠে। মাঠে ভালো খেলতে পারলেই সব ভালো মনে হবে। না পারলে সবই অর্থহীন মনে হবে।’শাহরিয়ারের ফেরা অর্থহীন হবে না, এই প্রত্যাশা তো সবারই। আর মাশরাফি তো সাফল্যের সমীকরণেই রাখছেন এই বাঁহাতি ওপেনারের উজ্জ্বল প্রত্যাবর্তনকে। ভালো কিছুর জন্য সবার আগে যে একটা ভালো শুরু চান অধিনায়ক!সেই ‘ভালো শুরু’ হতে পারে সুন্দর একটা বিশ্বকাপ-স্বপ্নের চাবি।