বিশ্বকাপের জন্য প্রস্তুত সিদ্দিকুর

এর আগে তিনবার চেষ্টা করেও বিশ্বকাপের চূড়ান্ত পর্বে যেতে পারেননি। এবারই প্রথম গলফের বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছেন সিদ্দিকুর রহমান। অস্ট্রেলিয়ার রয়্যাল মেলবোর্ন ক্লাবে ২১-২৪ নভেম্বর শুরু হতে যাওয়া বিশ্ব আসরে অংশ নিতে পেরে দারুণ রোমাঞ্চিত দেশসেরা গলফার।
বিশ্বের সেরা ৩০০ জনের মধ্যে থাকতে পারলেই বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়া যায়। সিদ্দিকুরের র্যাঙ্কিং ২৫১। বিশ্বকাপে সুযোগ পাওয়া প্রথম বাংলাদেশি সিদ্দিকুরকে পৃষ্ঠপোষণা করছে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন। বিশ্বকাপে যাওয়ার আগে সিদ্দিকুরকে নিয়ে কাল প্রতিষ্ঠানটি রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন আয়োজন করে।
বিশ্বকাপে খেলতে পরশুই ঢাকা ছাড়বেন সিদ্দিকুর। এখান থেকে ভারতে গিয়ে হিরো ইন্ডিয়া ওপেনে খেলে তবেই যাবেন অস্ট্রেলিয়ায়। ১১ নভেম্বর অস্ট্রেলিয়ায় ওয়ার্মআপ টুর্নামেন্ট অস্ট্রেলিয়া মাস্টার্সে খেলবেন। বিশ্বকাপে খেলার জন্য উন্মুখ হয়ে আছেন সিদ্দিকুর, ‘বিশ্বকাপে খেলব ভাবতেই খুব রোমাঞ্চ লাগছে। শুধু নিজের জন্য নয়, দেশের জন্যও এটা বিশাল গর্বের ব্যাপার। আমি বিশ্বকাপে খেলার জন্য প্রস্তুত। আমার সুইং কোচ, মনোবিদ, পুষ্টিবিদ সবার সঙ্গে কথা বলেছি। বিশ্বকাপের প্রস্তুতি নিতে কোনো কিছু বাদ রাখিনি।’
সেই ২০১০ সালে এশিয়ান সার্কিটে ব্রুনাই ওপেন জিতেছিলেন। কিন্তু এরপর আর কোনো পেশাদার শিরোপা জিততে পারেননি। ঠাসা সূচিতেই কি এমনটা হচ্ছে? সিদ্দিকুরের উত্তর, ‘গত বছরও আমি মনে করেছিলাম বেশি খেলার কারণে পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারছি না। এ জন্য অনেক প্রতিযোগিতায় অংশ নিতাম না। তবে এখন মানসিকভাবে নিজেকে প্রস্তুত করে নিয়েছি টুর্নামেন্ট নয়, প্র্যাকটিস কমিয়ে দেব। সেই অনুযায়ী আমি গত পাঁচটা টুর্নামেন্টে খুব ভালো করেছি।’
গত মাসে ম্যাকাও ওপেনে খেলেছেন প্রিয় গলফার দক্ষিণ আফ্রিকার আর্নি এলসের সঙ্গে। এই অভিজ্ঞতা বিশ্বকাপে অনেক কাজে দেবে বললেন সিদ্দিকুর, ‘আর্নি এলস আমার আইডল। ওনার সঙ্গে খেলাটা আমি উপভোগ করেছি। কোর্সে, কোর্সের বাইরে তাঁর আচরণ সারাক্ষণ লক্ষ করতাম। বাজে পরিস্থিতিতে কীভাবে নিজেকে নিয়ন্ত্রণ করেন সেটাও দেখেছি। বিশ্বকাপে খেলতে এসব বিষয় অনেক উপকারে আসবে।’
কাল সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের কর্মকর্তা তাহমিদ আজিজুল হক, গলফ ফেডারেশনের কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবিদুর রেজা খানসহ অন্যরা।