বিশ্বকাপের টি-টোয়েন্টি চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টির ডামাডোলে এক দিনের ক্রিকেট না জনপ্রিয়তা হারিয়ে মুখ থুবড়ে পড়ে! বোদ্ধা মহলের নিয়ত সংশয়। টি-টোয়েন্টির এই ফুলঝুরির যুগেও ৫০ ওভারের ক্রিকেটটা বোঝা নয়, বরং আপন আলোয় উজ্জ্বল—এটা প্রমাণের চ্যালেঞ্জ এই বিশ্বকাপের।বিশ্বকাপ নিয়ে ক্রিকেট বিশ্বে বিশেষ করে উপমহাদেশের মানুষের মধ্যে যে উন্মাদনা, তাতে বোদ্ধাদের ওই সংশয় ধোপে টেকে না। তার পরও যদি চ্যালেঞ্জটা থাকেই, সেটা দূর করতে ক্রিকেটাররাও মানসিকভাবে প্রস্তুত। টি-টোয়েন্টির এই যুগে ৫০ ওভারের ক্রিকেটটা বিরক্তিকর কি না, ভারত অধিনায়ক মহেন্দ্র সিং তো উড়িয়েই দিয়েছেন এমন প্রশ্ন।এক দিনের ক্রিকেটের জয়গানই করেছেন তিনি। বলেছেন, এক দিনের ক্রিকেটে তিনি খুঁজে পান টেস্ট, টি-টোয়েন্টি—দুই ঘরানার ক্রিকেটের স্বাদ। দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জ্যাক ক্যালিসের কণ্ঠেও একই সুর। যদিও আশাবাদী ক্যালিস বিষয়টা ব্যাখ্যা করেছেন ভিন্ন কোণ থেকে। বলেছেন, টি-টোয়েন্টির প্রভাবটা ভালোই অনূদিত হবে বিশ্বকাপে। তবে সেটি ওয়ানডে ক্রিকেটের জন্যই ভালো। টি-টোয়েন্টি ও ওয়ানডে দুই ঘরানার ক্রিকেটই টেস্টে আকর্ষণের বাড়তি এক পোচ দিয়েছে বলে মনে করেন ক্যালিস, ‘ওয়ানডে হোক কিংবা টেস্ট, টি-টোয়েন্টি খেলোয়াড়দের মনোভাবই পাল্টে দিয়েছে। এক দিনের ক্রিকেটে ব্যাটসম্যানরা এখন অনেক বেশি ঝুঁকি নেয় এবং নতুন শট খেলায় উন্নতি করেছে। রানরেট বেড়ে গেলেও তাই দলের জন্য সেটা আতঙ্কের কারণ হয় না। বোলাররাও নতুন নতুন দক্ষতা দেখাচ্ছে। সব মিলিয়ে টি-টোয়েন্টি খেলাটারই বিস্ময়কর প্রকাশ।’সংশয়বাদীদের সংশয়ের আবর্তে ঠেলে দিয়েছে আসলে জনপ্রিয়তার তুঙ্গে থাকা আইপিএল। ধোনি ও ক্যালিস দুজনেই আইপিএলের বড় তারকা। সেই ধোনি-ক্যালিসের মুখে এমন উচ্চারণ আশাবাদীই করে। তার পরও প্রশ্ন, টি-টোয়েন্টির তুমুল জনপ্রিয়তার স্রোতে ওয়ানডে ক্রিকেটকে কি স্বমহিমায় ফেরাতে পারবে বিশ্বকাপ?ইতিবাচক উত্তর এরই মধ্যে মিলতে শুরু করেছে। ১৯ ফেব্রুয়ারি মিরপুরে বাংলাদেশ-ভারতের উদ্বোধনী ম্যাচে ক্রিকেট আকর্ষণের সব উপাদানই ছিল। পরশু নাগপুরে ইংল্যান্ড-হল্যান্ড ম্যাচটিও আদর্শ ওয়ানডে ম্যাচের দাবিদার। বিশ্বকাপের পথ চলা তো কেবল শুরু। বড় দলগুলো এখনো মুখোমুখি হয়নি। কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল—বিশ্বকাপের সত্যিকারের উত্তেজনার পর্ব পড়ে রয়েছে সামনে। সুতরাং ওয়ানডে ক্রিকেটকে আপন আসনে বসানোর চ্যালেঞ্জে বিশ্বকাপ জয়ী হবেই। ওয়েবসাইট।