বিশ্বকাপের টিকিট পেল আয়ারল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৫ সালের বিশ্বকাপে জায়গা করে নিয়েছে আয়ারল্যান্ড
২০১৫ সালের বিশ্বকাপে জায়গা করে নিয়েছে আয়ারল্যান্ড

আগের ম্যাচেই স্কটল্যান্ডকে হারাতে বেশ বেগ পেতে হয়েছিল আয়ারল্যান্ডকে। উত্তেজনাপূর্ণ খেলায় মাত্র এক উইকেটের ব্যবধানে জিতেছিল আইরিশরা। কিন্তু গতকাল রোববার দাঁড়াতেই পারেনি স্কটল্যান্ড। দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্স দেখিয়ে ৭ উইকেটের সহজ জয় তুলে নিয়েছে আয়ারল্যান্ড। জিতে নিয়েছে ওয়ার্ল্ড ক্রিকেট লিগ চ্যাম্পিয়নশিপের শিরোপা। জায়গা করে নিয়েছে ২০১৫ সালের বিশ্বকাপেও।
টসে জিতে ব্যাট করতে নেমে কেভিন ও’ব্রায়েন আর ম্যাক্স সরেনসেনের ভালো বোলিংয়ের মুখে প্রায় বিধ্বস্তই হয়েছে স্কটল্যান্ড। রানের চাকা ঘোরাতেও হিমশিম খেতে হয়েছে স্কটিশ ব্যাটসম্যানদের। ধীরগতির ব্যাটিং করে স্কোরবোর্ডে জমা করেছে মাত্র ১৬৫ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান এসেছে ক্যালম ম্যাকলিয়ডের ব্যাট থেকে। ও’ব্রায়েন ও সরেনসেন দুজনেই নিয়েছেন তিনটি করে উইকেট।
১৬৬ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৭ ওভার হাতে রেখেই জয় তুলে নেয় আয়ারল্যান্ড। প্রথম সাত ওভারের মধ্যেই দুই ওপেনার উইলিয়াম পোর্টারফিল্ড ও পল স্টার্লিংয়ের উইকেট হারালেও নেইল ও’ব্রায়েনের ৬৫ রানের ইনিংসটা সহজ জয় এনে দিয়েছে আইরিশদের। এড জয়েস সাজঘরে ফেরার আগে খেলেছেন ৩৯ রানের সময়োপযোগী ইনিংস। ৩৫ রান করে অপরাজিত ছিলেন গ্যারি উইলসন।
২০১৫ বিশ্বকাপে আয়ারল্যান্ডের জায়গা হয়েছে ‘বি’ গ্রুপে। সেখানে তাদের লড়তে হবে দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ের বিপক্ষে। গ্রুপের অপর আরেকটি দল এখনো নির্বাচিত হয়নি। চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দলও সরাসরি অংশ নিতে পারবে আগামী বিশ্বকাপে। বাকি ছয়টি দলকে আবারও খেলতে হবে বাছাইপর্বে।
দ্বিতীয় এই স্থানটির জন্য হাড্ডাহাড্ডি লড়াই চলছে আফগানিস্তান ও হল্যান্ডের মধ্যে। ১৪ ম্যাচ শেষে ১৮ পয়েন্ট নিয়ে এখন দ্বিতীয় স্থানে আছে হল্যান্ড। অন্যদিকে দুই ম্যাচ কম খেলে আফগানিস্তানের সংগ্রহ ১৫ পয়েন্ট। শেষ দুটি ম্যাচ জিততে পারলেই প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপে খেলার সুযোগ পাবে আফগানিস্তান।