বিশ্বকাপের টিকিট বিক্রি প্রায় শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার টিকিট কাউন্টারগুলোয় কাল দুপুরের পর থেকেই ক্ষোভে ফেটে পড়তে থাকে ক্রিকেট-ভক্তরা। দীর্ঘ অপেক্ষার পর বুথে পৌঁছেও মেলেনি প্রত্যাশিত ম্যাচের টিকিট! মিলবে কীভাবে? দুপুরের মধ্যেই যে শেষ হয়ে গেছে বাংলাদেশ-হল্যান্ড ম্যাচ ছাড়া বাংলাদেশে অনুষ্ঠেয় বিশ্বকাপের বাকি সাত ম্যাচের টিকিট!সিটি ব্যাংকের একটি সূত্রে জানা গেছে, বাংলাদেশ-হল্যান্ডের কিছু টিকিটের সঙ্গে চারটি প্রস্তুতি ম্যাচ মিলিয়ে আর মাত্র ৩৫-৪০ হাজারের মতো টিকিট অবশিষ্ট আছে। ঢাকার বাইরের টিকিটগুলো আজকের মধ্যে বিক্রি না হলে সব টিকিটই নিয়ে আসা হবে বিশ্বকাপের দুই ভেন্যু ঢাকা ও চট্টগ্রাম এবং প্রস্তুতি ম্যাচের ভেন্যু নারায়ণগঞ্জের বুথগুলোর আওতায়। এসব শহরে টিকিট বিক্রি চলবে ৯ থেকে ১১ জানুয়ারি। উদ্বোধনী অনুষ্ঠানের টিকিটও কমিয়ে ফেলা হয়েছে। এত দিন জানানো হয়েছিল, এই অনুষ্ঠান দেখতে সাধারণ দর্শকের জন্য ১২ হাজার ১০৪টি টিকিট থাকবে। কিন্তু কাল এলওসির টিকিট অ্যান্ড সিটিং কমিটির সভার সিদ্ধান্ত, সাধারণ দর্শকের জন্য থাকবে মাত্র ৭ হাজার টিকিট! টিকিটের সংখ্যা কমিয়ে বাড়িয়ে দেওয়া হয়েছে দাম, যা সর্বনিম্ন ২ হাজার থেকে সর্বোচ্চ ২০ হাজার টাকা! কবে থেকে বুথে এসব টিকিট মিলবে, সেটি অবশ্য জানানো হয়নি ।কাল এলওসির সভা শেষে বোর্ড সভাপতি আ হ ম মোস্তফা কামাল জানিয়েছেন, খসড়া হিসাব অনুযায়ী চার দিনে মোট প্রায় ৮২ হাজারের মতো টিকিট বিক্রি হয়েছে। এর মধ্যে সিটি ব্যাংক থেকে বিক্রীত টিকিট ৬০ হাজার বলে জানিয়েছে একটি সূত্র। যার মূল্য সাড়ে ৩ কোটি টাকার মতো। বাকি টিকিট বিক্রি হয়েছে অগ্রণী ব্যাংক থেকে।গুরুত্বপূর্ণ সব ম্যাচের টিকিট বিক্রি হয়ে যাওয়ার পরও বিসিবি বা কায়াজুঙ্গা থেকে আনুষ্ঠানিকভাবে সেটা জানানো হয়নি। টিকিট-সংক্রান্ত সব তথ্য নাকি চূড়ান্তভাবে জানানো হবে ১১ জানুয়ারি। বিভ্রান্ত দর্শকেরা তাই আশা ছাড়ছে না। আর তাতে চাপ বাড়ছে টিকিট বিক্রির দায়িত্ব পাওয়া ব্যাংকগুলোর ওপর। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাংক কর্মকর্তা তো কাল বলেই দিলেন, ‘এভাবে মানুষের সঙ্গে প্রতারণার কী অর্থ? মানুষ আশা নিয়ে লাইনে দাঁড়াচ্ছে, অথচ আমরা টিকিট দিতে পারছি না!’