বিশ্বকাপের টুকিটাকি
১৯৮৭ সালের বিশ্বকাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান ইডেনের ফাইনালে খেলবে, এমন আশাই ছিল সবার। সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড এবং পাকিস্তানের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া শক্তির বিচারেও ছিল অনেকটাই পিছিয়ে। ভারত-পাকিস্তান সম্ভাব্য ফাইনালের আশায় এর জন্য সংরক্ষিত ইডেনের সব টিকিটই আগে-ভাগে বিক্রি হয়ে যায়। কিন্তু, সবার আশায় গুড়ে বালি দিয়ে সেমিফাইনাল থেকে ভারত ও পাকিস্তান দুই দলই বিদায় নিলে হতাশ দর্শকদের জন্য একটি তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের চিন্তা করেন আয়োজকেরা। কিন্তু এই ম্যাচটি খেলতে ভারত ও পাকিস্তানের তারকা খেলোয়াড়েরা অনেক বেশি ম্যাচ ফি চেয়ে বসায় পরে সেই ম্যাচের চিন্তা বাদ দেন আয়োজকেরা। তবে, ইডেনের ফাইনালে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া দর্শকদের উপহার দেন দুর্দান্ত এক ম্যাচ। সেই ম্যাচটি প্রাণভরে উপভোগ করে ভারত-পাকিস্তানের ফাইনাল না হওয়ার দুঃখ ভোলে তারা।