বিশ্বকাপের ট্রফি আসছে ঢাকায়
আর পুরো এক বছরও নেই, উত্তাপ ছড়াতে শুরু করেছে ব্রাজিল বিশ্বকাপ। আঁচ এসে পড়ছে বাংলাদেশেও। ফুটবলপ্রেমীদের অপেক্ষার প্রহরও তাই শুরু। বাংলাদেশের দর্শকদের জন্য মাঠে বসে খেলা দেখা দুর্লভ ব্যাপার হলেও ব্রাজিল ২০১৪ বিশ্বকাপের ট্রফিটি দেখার সুযোগ মিলছে আগেই। সবকিছু ঠিক থাকলে আগামী ১৭ ডিসেম্বর ঢাকায় আসবে ব্রাজিল বিশ্বকাপের ট্রফি।বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন কাল জানিয়েছেন, ‘আজই (কাল) ব্রাজিল বিশ্বকাপ ট্রফি ঢাকায় আসার ব্যাপারটা চূড়ান্ত হয়েছে। বিশ্বকাপ মানেই বাংলাদেশের জন্য একটা স্বপ্নের মতো ব্যাপার। বাংলাদেশের মানুষ বিশ্বকাপ ট্রফি দেখতে পারবে, এটা অনেক বড় সুযোগ আমাদের জন্য।’এর আগেও ২০০১ সালে ঢাকায় এসেছিল ২০০২ জাপান-কোরিয়া বিশ্বকাপের ট্রফি। তবে সেটি ছিল রেপ্লিকা। যদিও সেটিকে মূল ট্রফি দাবি করে বাফুফের সে সময়ের কর্মকর্তারা হইচই ফেলে দিয়েছিলেন। এবার রেপ্লিকা নয়, মূল ট্রফিই আসবে বলে জানা গেছে।ট্রফিটি আনছে কোমল পানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠান কোকাকোলা। ‘বিশ্বকাপ ট্রফি টুরের’ অংশ হিসেবে কোকাকোলার কর্মকর্তারা বাংলাদেশ দিয়ে শুরু করবেন দক্ষিণ এশিয়া সফর। ট্রফিটা ঢাকায় আসবে সংযুক্ত আরব আমিরাত থেকে।এখানে থাকবে তিন দিন। ১৭ ডিসেম্বর প্রথম দিনই সাংবাদিকদের সামনে আনা হবে। পরদিন মূল অনুষ্ঠান হবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। ট্রফি প্রদর্শনের পাশাপাশি একটা প্রীতি ম্যাচের আয়োজন হতে পারে। একই সঙ্গে ১৫ হাজার দর্শক ট্রফি নিয়ে ছবি তোলার সুযোগ পাবে। মিনিট খানেকের মধ্যে ছবির প্রিন্টও হয়ে যাওয়ার কথা।ট্রফি দেখা, ছবি তোলার মধ্যেই সীমাবদ্ধ থাকবে সবকিছু, জানিয়েছেন সালাউদ্দিন। ঢাকা থেকে ১৯ ডিসেম্বর ট্রফি যাবে ভুটানে। এরপর নেপাল ও ভারত ঘুরে থাইল্যান্ডে পাড়ি দেবে স্বপ্নের বিশ্বকাপ ট্রফি, যেটির জন্য ৩২টি দেশ আগামী জুনে লড়াই শুরু করবে ‘ফুটবলের দেশ’ ব্রাজিলে।