বিশ্বকাপের ট্রফি আসছে ৩ ফেব্রুয়ারি
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ১৭ ফেব্রুয়ারি। এর দুই সপ্তাহ আগেই ঢাকায় চলে আসছে বিশ্বকাপের ট্রফি। আগামী ৩ ফেব্রুয়ারি ঢাকায় পৌঁছে ট্রফিটি বাংলাদেশে থাকার কথা উদ্বোধনী অনুষ্ঠানের দিন পর্যন্ত।বিশ্বকাপের তিন আয়োজক দেশেই ঘুরছে ট্রফি। সেটির অংশ হিসেবে আসবে বাংলাদেশেও। আইসিসির স্পনসররা এই ট্রফি নিয়ে তাদের প্রচারণা চালাবে বাংলাদেশে। বিশ্বকাপের স্থানীয় আয়োজক কমিটির টুর্নামেন্ট পরিচালক আলী আহসান জানিয়েছেন, ট্রফি নিয়ে বিশেষ রোড শো করার পরিকল্পনা আছে তাদেরও। হয়তো ট্রফি ঢাকায় এসে পৌঁছানোর পর বিমানবন্দর থেকেই শুরু হবে সেই রোড শো।বিশ্বকাপ সামনে রেখে স্কুলছাত্রদের নিয়ে আগামী ৫ ফেব্রুয়ারি ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে শুরু মিনি বিশ্বকাপের ফাইনালেও বিশেষ আকর্ষণ হিসেবে থাকতে পারে বিশ্বকাপের ট্রফি। তবে আলী আহসান জানিয়েছেন এসব শুধুই সম্ভাবনার কথা, ‘বিশ্বকাপের ট্রফি নিয়ে আমরা কিছু পরিকল্পনা করছি। তবে সবকিছুই নির্ভর করছে আইসিসির অনুমতি এবং নিরাপত্তা-ছাড়পত্রের ওপর।’