বিশ্বকাপের ট্রফি উন্মোচন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ত্রিদেশীয় আইডিয়া কাপে আজ কোনো খেলা নেই। মাঠে খেলা না থাকলেও ক্রিকেটের ব্যস্ততা থাকছে মাঠের বাইরে। শুধু ব্যস্ততা কেন, মাঠের বাইরেও ক্রিকেট আজ আকর্ষণীয় সাজে। ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজই যে অবগুণ্ঠন থেকে বেরিয়ে আসবে ২০১১ বিশ্বকাপের ঝকঝকে ট্রফি! বাংলাদেশে বেশ কদিন আগেই এসে পৌঁছেছে এই ট্রফি। সিলগালা অবস্থায় বিসিবির কাছে রক্ষিত আছে তা।ট্রফি উন্মোচন সন্ধ্যা ৬টায়, এর আগে বেলা ১১টায় হোটেল শেরাটনে শুরু হবে কেন্দ্রীয় বিশ্বকাপ আয়োজক কমিটির (সিওসি) সভা। আইডিয়া কাপ খেলতে আসা ভারত-শ্রীলঙ্কার ক্রিকেটাররা তো আছেনই, সিওসির সভা ও ট্রফি উন্মোচন উপলক্ষে ঢাকায় এসেছেন বিশ্ব ক্রিকেটের অনেক রথী-মহারথীরাও। তাঁদের মধ্যে আছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও ভারত, পাকিস্তান এবং শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্মকর্তারা।ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে ২০১১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াও ঢাকা-চট্টগ্রামে বিশ্বকাপের ম্যাচ হবে আটটি। তবে বিশ্বকাপ সামনে রেখে আজকেই প্রথম কোনো আনুষ্ঠানিকতা হতে যাচ্ছে ঢাকায়। বিসিবির সিনিয়র সহসভাপতি ও সিওসির আহ্বায়ক মাহবুবুল আনাম বলেছেন, বিশ্বকাপের আগে তিন আয়োজক দেশে ভাগাভাগি করে অনুষ্ঠিত হবে এ রকম নানা আনুষ্ঠানিকতা। এর আগে ভারতে যেমন হয়ে গেল সূচি ঘোষণা এবং লোগো উন্মোচন অনুষ্ঠান। বাংলাদেশে ট্রফি উন্মোচনের পর আগামী মার্চে শ্রীলঙ্কায়ও আছে এ রকমই এক আনুষ্ঠানিকতা, যেটার বিস্তারিত এখনই বলতে চাইলেন না মাহবুবুল।আইসিসির ভবিষ্যত্ সভাপতি ও বিশ্বকাপ আয়োজক কমিটির প্রধান শারদ পাওয়ার সভাপতিত্ব করবেন সিওসির সভায়। স্ত্রী-কন্যা নিয়ে চার দিনের সফরে পরশু রাতেই ঢাকায় পৌঁছেছেন পাওয়ার। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত্ও করেছেন ভারতের এই কেন্দ্রীয় মন্ত্রী।এ ছাড়া আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা হারুন লরগাত, ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতি শশাঙ্ক মনোহর, প্রধান নির্বাহী কর্মকর্তা রত্নাকর শেঠি, পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি ইজাজ বাট, শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি সোমাচন্দ্র ডি সিলভা, সেক্রেটারি নিশান্থা রানাতুঙ্গাসহ আন্তর্জাতিক ক্রিকেটের আরও অনেক কর্মকর্তাই এখন ঢাকায়। এসেছেন মহারাষ্ট্রের দুই মন্ত্রী জয়ন্ত পাতিল ও রাজেশ তোপে। তবে ট্রফি উন্মোচন অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ হতে পারে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কান ক্রিকেটারদের একসঙ্গে উপস্থিতি। বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছেন, আইডিয়া কাপের তিন দলের ক্রিকেটাররাই থাকবেন এই অনুষ্ঠানে। ট্রফি উন্মোচন করবেন তিন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, কুমার সাঙ্গাকারা ও সাকিব আল হাসান।বিশ্ব ক্রিকেটের শীর্ষ কর্তাদের বাংলাদেশে আগমন নতুন ঘটনা নয়। কিন্তু কেন্দ্রে যখন বিশ্বকাপ, এই সম্মিলনের বাড়তি গুরুত্ব তো থাকেই। মাহবুবুল আনাম বলেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এ রকম একটা মহা-আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত, ‘আন্তর্জাতিক ক্রিকেটের এই অতিথিদের আমরা আমাদের দেশে স্বাগত জানাই। বাংলাদেশে তারা আমাদের আন্তরিক আতিথেয়তার মধ্যেই থাকবেন। আশা করি, সফলভাবে আমরা এই আয়োজন সম্পন্ন করতে পারব।’