বিশ্বকাপের তরুণ তুর্কি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরম্যান হোয়াইটসাইড
নরম্যান হোয়াইটসাইড

বিশ্বকাপ, দ্য গ্রেটেস্ট শো অন আর্থের পর্দা ওঠার আর মাত্র ৪১ দিন বাকি। দুরু দুরু বুকে ফুটবলপ্রেমীরা ক্ষণগণনা শুরু করে দিয়েছেন নিশ্চয়ই। শুরু হয়েছে প্রথম আলো অনলাইনেরও ‘কাউন্ট ডাউন’। প্রতিদিন ধারাবাহিকভাবে ক্ষণগণনা নিয়ে একটি বিশেষ রচনা থাকবে। আজ থাকবে ‘৪১’ সংখ্যাটি নিয়ে—
১৭তম জন্মদিন উদযাপন করার মাত্র ৪১ দিন পরেই বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছিলেন নরম্যান হোয়াইটসাইড। ১৯৮২ সালের বিশ্বকাপে মাঠে নেমেই গড়েছিলেন নতুন রেকর্ড। পেছনে ফেলেছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে।
১৯৫৮ সালে পেলে যখন বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন, তখন তাঁর বয়স ছিল ১৭ বছর ২৪৯ দিন। ১৯৮২ বিশ্বকাপে এই রেকর্ড ভেঙে ছিলেন উত্তর আয়ারল্যান্ডের তরুণ মিডফিল্ডার হোয়াইটসাইড। এখন পর্যন্ত এটিই সবচেয়ে কম বয়সে বিশ্বকাপ খেলার রেকর্ড হিসেবে টিকে আছে। ক্লাব ফুটবলে মাত্র দুটি ম্যাচ খেলেই আয়ারল্যান্ডের জাতীয় দলে ডাক পেয়েছিলেন হোয়াইটসাইড। সেই বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে যুগোস্লাভিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল উত্তর আয়ারল্যান্ড। গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক স্পেনকে হারিয়ে চলে গিয়েছিল দ্বিতীয় রাউন্ডে।

১৯৮৬ বিশ্বকাপের বাছাইপর্বেও ভালো পারফরম্যান্স দেখিয়েছেন হোয়াইটসাইড। সেবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে একটি গোলও করেছিলেন। কিন্তু পরের দুটি ম্যাচে স্পেন ও ব্রাজিলের কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল উত্তর আয়ারল্যান্ডকে।
ক্লাব ফুটবলে হোয়াইটসাইড দীর্ঘদিন খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে। ইংলিশ লিগ কাপ ও এফএ কাপের ফাইনালে সবচেয়ে কমবয়সী গোলদাতার রেকর্ডও আছে হোয়াইটসাইডের দখলে।