বিশ্বকাপের দল ঘোষণা, নেই মাশরাফি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগে থেকেই অনেকটা অনুমান করা যাচ্ছিল যে বিশ্বকাপের চূড়ান্ত দলে থাকতে পারবেন না মাশরাফি বিন মুর্তজা। কিন্তু তার পরও চূড়ান্ত দল ঘোষণার আগ পর্যন্ত সবাই আশায় বুক বেঁধেছিল যে শেষ পর্যন্ত হয়তো বিশ্বকাপে বাংলাদেশের বোলিং আক্রমণের সূচনা করতে দেখা যাবে ‘নড়াইল এক্সপ্রেস’কে। কিন্তু সেটা আর সম্ভব হলো না। মাশরাফিকে ছাড়াই ঘোষিত হলো বিশ্বকাপের চূড়ান্ত দল।অধিনায়কত্বের ভার কার হাতে আছে এটা নিশ্চয়ই আর নতুন করে না বললেও চলে। এ সময়ের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের কাঁধেই দেওয়া হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্নের ভার। সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন তামিম ইকবাল।বাংলাদেশের সাবেক অধিনায়ক আশরাফুলকে নিয়ে অনেক বিতর্ক থাকলেও শেষ পর্যন্ত বিশ্বকাপের মতো বড় আসরের জন্য তাঁর মতো একজন অভিজ্ঞ ব্যাটসম্যানকে দলের বাইরে রাখতে পারেননি বাংলাদেশের নির্বাচকেরা। আশরাফুলের সঙ্গে দীর্ঘদিন পর দলে সুযোগ পেয়েছেন শাহরিয়ার নাফীস। বাংলাদেশ ব্যাটিংয়ের টপঅর্ডারে নাফীসের উপস্থিতি অনেক ফলপ্রসূ হবে বলেই মনে করছেন নির্বাচকেরা।বোলিং আক্রমণের কৌশল সাজাতে গিয়ে উপমহাদেশের কন্ডিশন মাথায় রেখে স্পিনারদেরই প্রাধান্য দিয়েছেন নির্বাচকেরা। চূড়ান্ত এ দলে জায়গা পেয়েছেন পাঁচজন স্পিনার—রাজ্জাক, সাকিব, মাহমুদুল্লাহ, নাইম ইসলাম ও সোহরাওয়ার্দী। মাশরাফির অনুপস্থিতিতে বাংলাদেশের পেস আক্রমণের নেতৃত্ব দেবেন শফিউল ইসলাম, রুবেল হোসেনরা।চূড়ান্ত দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা থাকলেও শেষ মুহূর্তে তা আর হয়ে উঠল না অলক কাপালি, সৈয়দ রাসেল, শাহাদাত হোসেনদের।বিশ্বকাপের চূড়ান্ত দল: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), মোহাম্মদ আশরাফুল, ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিক, রকিবুল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন, নাঈম ইসলাম, রুবেল হোসেন, শফিউল ইসলাম, আবদুর রাজ্জাক, মোহাম্মদ সোহরাওয়ার্দী ও শাহরিয়ার নাফীস।