বিশ্বকাপের নানা রং

গাভাস্কারের উল্টোরথ
‘মাঝেমধ্যে মনে হচ্ছিল, না খেলে স্টাম্প ছেড়ে দাঁড়িয়ে আমি ইচ্ছা করে বোল্ড হয়ে যাই’@কোনো ব্যাটসম্যান এমনটা ভাবতে পারেন এবং সেটা প্রকাশ্যে বলতেও পারেন, ভাবা যায়! নিজের একটি ইনিংস নিয়ে সুনীল গাভাস্কার ঠিক এটাই বলেছিলেন এবং কেউ এতটুকুও অবাক হননি!
প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচে লর্ডসে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও ভারত। ওয়ানডে ইতিহাসের প্রথম সেঞ্চুরি করেছিলেন ডেনিস অ্যামিস (১৩৭)। সঙ্গে কিথ ফ্লেচারের ৬৮ ও ক্রিস ওল্ডের ৩০ বলে ৫১ রানে ইংল্যান্ড তুলেছিল ওয়ানডেতে সে সময়ের রেকর্ড ৩৩৪ রান। এমনিতেই তখন এত বড় স্কোর তাড়া করার কথা কেউ কল্পনাও করত না। তার ওপর ভারত তখন ওয়ানডেতে একেবারেই দুধভাত দল। ইংল্যান্ডের ইনিংসের পরই তাই ম্যাচ শেষ। তাই বলে লক্ষ্যের কথা ভুলে গিয়ে ভারতের এমন শম্বুকগতির ব্যাটিং কারও কল্পনাতেও ছিল না। নেতৃত্বে ছিলেন গাভাস্কার। বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তোলা তো বহুদূর, গাভাস্কারের ঠুকঠুক অনেক টেস্ট ইনিংসকেও হার মানাল।
প্রথমে সবাই ভাবছিল গাভাস্কার বুঝি বলটা পুরোনো হওয়ার জন্য অপেক্ষা করছেন। কিন্তু যত সময় এগোচ্ছিল, গাভাস্কার যেন রানের কথা আরও ভুলে যাচ্ছিলেন। ইংলিশ দর্শকেরা তো বটেই, একপর্যায়ে ভারতীয় দর্শকেরাও অধৈর্য হয়ে উঠলেন। দু-একজন তো মাঠেই ঢুকে পড়তে যাচ্ছিলেন! ব্যালকনিতে ভারতীয় সতীর্থদের প্রতিক্রিয়া বলছিল, তাঁরাও বিরক্ত ও বিব্রত। শেষ পর্যন্ত ৬০ ওভার পুরো খেলে অপরাজিত থেকে মাঠ ছাড়লেন গাভাস্কার। নামের পাশে ১৭৪ বলে ৩৬, একটি চার! ৩ উইকেটে ১৩২ রান করে ভারত হারল ২০২ রানের রেকর্ড ব্যবধানে।
কেন এমন করেছিলেন গাভাস্কার? কারণটা আজও রহস্য হয়েই আছে। গাভাস্কার সে সময় কিছু বলেননি। তবে অনেক বছর পরে বলেছিলেন ইচ্ছে করে সেই আউট হওয়ার ইচ্ছার কথা, ‘যে মানসিক যন্ত্রণার ভেতর দিয়ে যাচ্ছিলাম, তা থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ ছিল ওটাই। না পারছিলাম রান করতে, না আউট হতে। শেষ দিকে তো যন্ত্রের মতো খেলছিলাম! ইনিংসের দ্বিতীয় বলেই আমি কট বিহাইন্ড ছিলাম। কিন্তু এত হালকাভাবে ব্যাটে লেগেছিল যে কেউ আবেদনও করেনি। আজও আমার মাঝেমধ্যে মনে হয় কেন যে সে সময় আমি নিজেই উইকেট ছেড়ে এলাম না!’

এক বলে ১৭!
প্রথম বিশ্বকাপের ফাইনাল। ২৯১ রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া ২৩৩ রানে হারাল ৯ উইকেট। এর পরই অস্ট্রেলিয়ার বিধ্বংসী দুই ফাস্ট বোলার ডেনিস লিলি ও জেফ টমসন হয়ে উঠলেন ‘খাঁটি ব্যাটসম্যান।’
দেখতে দেখতে প্রয়োজনটা ১১ বলে ২৪ রানে নামিয়ে আনলেন দুজন। এর পরই তুলে মারতে গিয়ে এক্সট্রা কভারে রয় ফ্রেডেরিকসের তালুবন্দী টমসন। ম্যাচ শেষ ভেবে ওয়েস্ট ইন্ডিয়ান সমর্থকেরা ঢুকে পড়লেন মাঠে। আম্পায়ার যে নো বল ডেকেছেন, সেটা কে খেয়াল করে! মুহূর্তের মধ্যে মাঠ লোকারণ্য। রান আউট করার জন্য বল থ্রো করেছিলেন ফ্রেডেরিকস, স্টাম্পে না লেগে সেই বল হারিয়ে গেল দর্শকের মাঝে। ওদিকে লিলি-টমসন উইকেটে দৌড়েই যাচ্ছেন। আম্পায়ার বার্ড তাঁর হ্যাট হারালেন, আরেক আম্পায়ার টম স্পেন্সার হতভম্ব, অনেক ক্রিকেটার হারাল তাঁদের সোয়েটার।
নিরাপত্তাকর্মীরা অবশেষে মাঠ খালি করতে পারলেন। টমসন আম্পায়ার স্পেন্সারকে জিজ্ঞেস করলেন, ‘কত রান দেবে আমাদের?’ স্পেন্সার, ‘দুই’। ‘দুই?’ তেলে-বেগুনে জ্বলে উঠলেন টমসন, ‘পুরো বিকেল ধরে দৌড়াচ্ছি, ফাজলামো পেয়েছ!’ বার্ড এবার লিলিকে জিজ্ঞেস করলেন, ‘কত রান নিয়েছ?’ ‘তা অন্তত ১৭ তো হবেই।’—লিলির উত্তর। অনেক বাতচিত শেষে দেওয়া হলো চার রান।
এর পরের দুই বলে ১ রান। তৃতীয় বলেই টমসনের রান আউটে খেলা শেষ। অস্ট্রেলিয়ার হার ১৭ রানে। যথারীতি আবার মাঠে ঢুকে গেল দর্শক। টমসনের পা থেকে প্যাড খুলে নিয়ে পালাল কেউ। কিথ বয়েসকে ধরে কয়েকজন মাটিতে শুইয়ে ফেলল, একজন চম্পট দিল তাঁর পা থেকে বুট খুলে নিয়ে!

একজন ‘ভদ্রলোক’
১৯৭৫ বিশ্বকাপে শেষ উইকেট জুটিতে ৬৪ রান তুলে ওয়েস্ট ইন্ডিজকে ১ উইকেটের এক অবিশ্বাস্য জয় এনে দিয়েছিলেন ডেরিক মারে ও অ্যান্ডি রবার্টস। ১২ বছর পর নিজ দেশের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে প্রতিশোধ নিল পাকিস্তান। তবে এ জন্য তাঁদের কৃতজ্ঞ থাকতে হবে একজন ‘জেন্টলম্যানের’ কাছে!
শেষ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৪ রান। উইকেটে শেষ জুটি, নয়ে নামা আবদুল কাদির ও শেষ ব্যাটসম্যান সেলিম জাফর। বোলার কোর্টনি ওয়ালশ, আগের ৯ ওভারে ৪ উইকেট পেয়েছেন মাত্র ২৬ রানে।
শেষ ৩ বলে চাই ১০। এবার ওয়ালশের বিখ্যাত স্লোয়ার বল, স্টাম্প ছেড়ে জায়গা বানিয়ে লং অফের ওপর দিয়ে সীমানাছাড়া করলেন কাদির। পরের বলে আবার ২। শেষ বলেও প্রয়োজন ২। ওয়ালশ যখন বলটা করতে যাবেন, শেষ মুহূর্তে দেখলেন নন-স্ট্রাইক প্রান্তে আগেই অনেকটা বেরিয়ে গেছেন জাফর। স্টাম্প ভেঙে দিলেই রানআউট জাফর, ১ রানে জিতে ওয়েস্ট ইন্ডিজ চলে যাবে সেমিফাইনালে। ওয়ালশ কী করলেন? বল করলেন না, স্টাম্পও ভাঙলেন না। সতর্ক করে দিলেন জাফরকে। শেষ বলে ২ রান নিয়ে জিতে গেল পাকিস্তান। দল হারল, কিন্তু ওয়ালশ জয় করলেন ক্রিকেট-বিশ্বের মন।

মালিঙ্গার ডাবল হ্যাটট্রিক
লক্ষ্য ২১০। শেষ ৬ ওভারে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ১০, হাতে ৫ উইকেট। ম্যাড়মেড়ে সমাপ্তির পথে থাকা ম্যাচটিকে হঠাৎই রোমাঞ্চকর ম্যাচ বানিয়ে দিলেন লাসিথ মালিঙ্গা।
দক্ষিণ আফ্রিকা তখন জয় থেকে মাত্র দুটি শট দূরে। শ্রীলঙ্কান অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে কী মনে করে যেন ৪৫তম ওভারে বল তুলে দিলেন ৭ ওভারে ৪৩ রান দেওয়া মালিঙ্গার হাতে। প্রথম চারটি বলই ইয়র্কার লেংথে রাখলেন মালিঙ্গা, তার পরও এল ছয় রান। পঞ্চম বলটি মালিঙ্গা দিলেন স্লোয়ার (তার পরও অবশ্য গতি ছিল ১৩৫ কিমি)। গতির হেরফেরে ধোঁকা খেয়ে বোল্ড শন পোলক। ওভারের শেষ বলে আবার ইয়র্কার, এবার কাভারে উপুল থারাঙ্গার হাতে ক্যাচ।
চামিন্ডা ভাসের করা পরের ওভার থেকে এল ১ রান। পরের ওভারে মালিঙ্গার মুখোমুখি জ্যাক ক্যালিস। হ্যাটট্রিক বলটা সবাই একটু সাবধানেই খেলতে চায়। কিন্তু ৮৬ রানে অপরাজিত ক্যালিস তা করবেন কেন? তা ছাড়া জয় মাত্র ৩ রান দূরে, ক্যালিস হতে চাইলেন ‘বীর’। অফ স্টাম্পের বাইরের বলটিতে খেললেন স্কয়ার ড্রাইভ, ব্যাটের কানা ছুঁয়ে বল কুমার সাঙ্গাকারার গ্লাভসে। হ্যাটট্রিক! মিনিট তিনেক আগেও শর্টস পরে ড্রেসিংরুমে খোশগল্পে মশগুল মাখায়া এনটিনি হঠাৎ নিজেকে আবিষ্কার করলেন উইকেটে। চেহারাই বলে দিচ্ছিল কতটা হতভম্ব তিনি। আরেকটা ইয়র্কার, এনটিনি পড়িমরি করে ব্যাট নামাতে চেয়েও দেরি করে ফেললেন। চার বলে চার উইকেট—আনন্দে কী করবেন যেন বুঝতেই পারছিলেন না মালিঙ্গা আর তাঁর সতীর্থরা।
গ্রন্থনা: আরিফুল ইসলাম