বিশ্বকাপের নিরাপত্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ শুরুর কয়েক সপ্তাহ বাকি থাকতেও অস্থির ব্রাজিল। রাস্তায় বাস্তায় প্রতিবাদ, বিক্ষোভ চলছে। আসছে কোনো না কোনো সংগঠনের ধর্মঘটের খবর। তবে যা-ই হোক না কেন, বিশ্বকাপের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত ব্রাজিল। নিরাপত্তার দায়িত্বে থাকবেন ১ লাখ ৫৭ হাজার সেনা ও পুলিশ সদস্য৷ ডাক পাওয়ামাত্রই কাজে নামতে পারেন এমন ২১ হাজার সদস্যসহ সেনা, নৌ ও বিমানবাহিনীর মোট ৫৭ হাজার সদস্য বিশ্বকাপে নিয়োজিত থাকবেন বলে জানিয়েছে সে দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিশ্বকাপকে ঘিরে ২০১২ সাল থেকেই দেশটির বিভিন্ন বাহিনীর আধুনিকায়নের কাজ চলছে। এই সময়ে ব্রাজিলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ব্যয় করেছে ৩২ কোটি ২০ লাখ মার্কিন ডলার। গত কনফেডারেশনস কাপের সময়ও বিক্ষোভ হয়েছিল ব্রাজিলে। সেবারের চেয়ে পরিস্থিতি এবার খারাপ হবে বলে মনে করেন না আইনমন্ত্রী হোসে এদোয়ার্দো কারদোজো, ‘গত জুনের চেয়ে বিক্ষোভ-আন্দোলনের ব্যাপকতা এবার কম থাকবে বলেই আমাদের বিশ্বাস। সত্যি বললে, আমরা যেকোনো পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত।’ এএফপি।