বিশ্বকাপের পর টি-টোয়েন্টি থেকে সাঙ্গাকারার অবসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বিদায় নেওয়ার ঘোষণা সাঙ্গাকারার। ছবি: প্রথম আলো
আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বিদায় নেওয়ার ঘোষণা সাঙ্গাকারার। ছবি: প্রথম আলো

টেস্ট-ওয়ানডে—দুই সংস্করণেই কুমার সাঙ্গাকারার ব্যাট থেকে বেরিয়েছে বহু ধ্রুপদি ইনিংস। ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত সংস্করণেও সমান উজ্জ্বল সাঙ্গা। আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কার এক নম্বরে ওঠার পেছনে তাঁর অবদান স্মরণযোগ্য। সাঙ্গাকারা এবার রণেভঙ্গে দিতে চান ক্রিকেটের এ সংক্ষিপ্ত সংস্করণ থেকে। বাংলাদেশে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপই হয়ে থাকছে সাঙ্গার শেষ কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট।
৫০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩২.৭৭ গড়ে ১৩১১ রানের মালিক সাঙ্গাকারা বলেন, ‘কোনো সন্দেহ নেই, এটিই আমার শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরপর আর কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলব না। খারাপ লাগার মতো সংবাদ, তবুও এটিই সত্য।’ তবে ৩৬ বয়সী বাঁ হাতি জানিয়েছেন, আন্তর্জাতিক টি-টোয়েন্টি শেষ হলেও ফ্রাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি খেলবেন। কেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছাড়ছেন—এর ব্যাখ্যা দিলেন এভাবে, ‘কোনো খেলোয়াড়ের পরবর্তী বিশ্বকাপে সম্ভাবনা না থাকলে নতুন খেলোয়াড়দের উঠে আসার সুযোগ করে দেওয়া উচিত। এটিই প্রাকৃতিক অগ্রগতি।’