বিশ্বকাপের পর শচীনের অবসর নেওয়া উচিত ছিল: ইমরান
গত বছর অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপের পর শচীন টেন্ডুলকারের অবসর নেওয়ার উচিত ছিল বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইমরান খান।ইমরানের এমন মন্তব্যের কারণটা সহজেই অনুমেয়। এখন যে ফর্ম খুঁজে বেড়াতে হচ্ছে লিটল মাস্টারকে! ২৮ বছর পর ভারতের বিশ্বকাপ জয় আর নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারে প্রথম। বিশ্বকাপ শেষে শচীন অবসর নিলে মুহূর্তটা অবিস্মরণীয় হয়ে থাকত, সন্দেহ নেই।একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাত্কারে ইমরান বলেন, ‘আমরা সব সময়ই ভালো কিছু চাই। কিন্তু সব সময় তা পাওয়া হয় না। বিশ্বকাপের পরই শচীনের অবসর নেওয়ার উচিত ছিল। বিশ্বকাপে ওর অসাধারণ সময় কেটেছে। ও অসাধারণ ক্রিকেটার। শচীনের বিকল্প হয় না।’ক্যারিয়ারের শততম সেঞ্চুরির অপেক্ষায় শচীন। অধীর আগ্রহে অপেক্ষায় শচীন-ভক্তরাও। তবে শততম সেঞ্চুরির ব্যাপারটা তেমন গুরুত্বপূর্ণ নয় বলেই মনে করেন ইমরান। পাকিস্তানের সাবেক এই অধিনায়ক বলেন, ‘শচীনের শততম সেঞ্চুরি পাওয়া বা না পাওয়া কোনো ব্যাপার নয়। দলের জয়ের সঙ্গে রেকর্ড গড়বে। শুধু রেকর্ড গড়ার জন্য খেলা ঠিক নয়। শচীন বড় ক্রিকেটার। ওর সেঞ্চুরি ৯৯ না ১০০, এটা নিয়ে ভাবব না আমি।’ ওয়েবসাইট।