বিশ্বকাপের পরই অবসরে মুরালি
ক্যারিয়ারজুড়ে কেবল রেকর্ড ভাঙাগড়ার খেলা। কখনো অন্যের রেকর্ড ভেঙেছেন, আবার কখনো নিজের রেকর্ড ভেঙে নতুন করে গড়েছেন। তবে বিশ্বকাপের পরই শেষ হতে চলেছে আন্তর্জাতিক ক্রিকেটে মুরালিধরনের ভাঙাগড়ার খেলা। শ্রীলঙ্কার এই কিংবদন্তি স্পিনার জানিয়েছেন, বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেবেন তিনি।‘বিশ্বকাপেই হবে আন্তর্জাতিক ক্রিকেটে আমার শেষ লড়াই। আমার সময় ফুরিয়ে এসেছে’, আজ শুক্রবার সাংবাদিকদের বলেন মুত্তিয়া মুরালিধরন। তাই বলে ক্রিকেটকে চিরতরে বিদায় জানাচ্ছেন না মুরালি। ৩৮ বছর বয়সী এই স্পিনার স্পষ্ট করেই বলেছেন, ‘আইপিএলের সঙ্গে আমার দুই বছরের চুক্তি রয়েছে। এরপর হয়তো এ ধরনের ক্রিকেটে নিউজিল্যান্ড বা ইংল্যান্ডে খেলব।’গত জুলাইয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন মুরালি। বিদায়ী ম্যাচে গড়েন টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম বোলার হিসেবে ৮০০ উইকেটের মাইলফলক স্পর্শ করার রেকর্ড। বিশ্বকাপের পর শেষ হতে চলেছে সীমিত ওভারের ক্রিকেটের লড়াইটাও। নিজের শেষ টুর্নামেন্টের প্রত্যাশা প্রশ্নে মুরালির প্রতিক্রিয়া, ‘এটা আমার চতুর্থ বিশ্বকাপ। ১৯৯৬ সালে আমরা বিশ্বকাপ জিতেছি। অল্পের জন্য ২০০৭ সালে শিরোপা ঘরে তুলতে পারিনি। আশা করছি, এবারের বিশ্বকাপ আমার ও শ্রীলঙ্কান সমর্থকদের জন্য স্মরণীয় হয়ে থাকবে।’ ওয়েবসাইট।