বিশ্বকাপের প্রথম অঘটন: ‘ফেভারিট’ স্পেনের হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়ে থাকল ডারবানের মাবিদা স্টেডিয়াম। বিশ্বকাপ জয়ের অন্যতম ‘ফেভারিট’ স্পেন হেরে গেছে আন্ডারডগ সুইজারল্যান্ডের কাছে। ব্যবধান ১-০। খেলার ৫২ মিনিটের সময় সুইজারল্যান্ডের গেলসন ফার্নান্দেজ সুইজারল্যান্ডের পক্ষে জয়সূচক গোলটি করেন। মধ্যমাঠ থেকে বাড়ানো একটি থ্রু থেকে স্প্যানিশ রক্ষণভাগের খেলোয়াড়দের সঙ্গে গোলরক্ষক ক্যাসিয়াসের ভুল বোঝাবুঝির সুযোগে গেলসন ফার্নান্দেজ গোল করে স্প্যানিশ সমর্থকদের হতবাক করে দেন।গোল খেয়ে সুইস সীমানায় ঝাপিয়ে পড়ে বর্তমান বিশ্বের সেরা খেলোয়াড়দের নিয়ে গড়া স্পেন দল। কিন্তু স্ট্রাইকারদের ব্যর্থতায় কাজের কাজটি করতে পারেনি তারা।আজকের ম্যাচে প্রথম থেকে খেলেননি স্প্যানিশ স্ট্রাইকার ফার্নান্দো তোরেস। খেলার ৬১ মিনিটের সময় তিনি মাঠে নামেন। কিন্তু তাঁকে তাঁর নিজের মধ্যে খুঁজে পাওয়া যায়নি। অন্য তারকা খেলোয়াড় ইনিয়েস্তা, র্যামোস, ভিলা কেউই নিজেদের নামের প্রতি সুবিচার করে খেলেননি।খেলার প্রথমার্ধ পুরোপুরি স্পেনের দখলে ছিল। তবে এ সময় কয়েকটি ভালো গোলের সুযোগ নষ্ট করে স্প্যানিশরা। দ্বিতীয়ার্ধে সুইজারল্যান্ড নিজেদের গুছিয়ে স্পেনের ওপর চাপ সৃষ্টি করা শুরু করে।খেলার ৭০ মিনিটের সময় ৩০ গজ দূর থেকে জাভি আলোনসোর তীব্র শট ক্রসবারে লেগে ফিরে এলে স্পেনের দুর্ভাগ্য নিশ্চিত হয়ে যায়। গ্রুপের প্রথম খেলাতেই পরাজিত হয়ে বেশ চাপেই পড়ে গেল স্পেন। দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করতে এখন চিলি ও হন্ডুরাসের বিপক্ষে বাকি দুটো ম্যাচে জয় ছাড়া বিকল্প রইল না স্প্যানিশদের।