ভাবার তো প্রশ্নই ওঠে না। ‘এমন একটা রাত আসতে পারে, দুঃস্বপ্নেও কখনো দেখেছিলেন কি না’— ইংল্যান্ডের অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসের কাছে সবচেয়ে কঠিন প্রশ্ন মনে হতে পারে এটাই। বিশ্বকাপে বড় দলগুলোকে যা পেতে হয়নি, সেই ‘লজ্জাটাই’ যে আজ আয়ারল্যান্ডের কাছে পেতে হলো ইংল্যান্ডকে!৩২৭ রান করেও অ্যান্ড্রু স্ট্রাউসদের ৩ উইকেটে হার। এবারের বিশ্বকাপের প্রথম ‘অঘটন’ নিঃসন্দেহে। তবে যাঁরা ম্যাচটা উপভোগ করেছেন, তাঁদের অনেকেই হয়তো ‘অঘটন’ শব্দটার প্রতিবাদ করবেন। রাগে আবার তেড়েও আসতে পারেন একজন—কেভিন ও’ব্রায়েন। বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি হাঁকালেন। খেললেন ১৩টি চার ও ৬টি ছয় দিয়ে ৬৩ বলে ১১৩ রানের এক ‘অবিশ্বাস্য’ ইনিংস। অঘটন কেন, তাঁর তাণ্ডবেই তো বিধ্বস্ত হলো ইংল্যান্ড!আরও দুজনের নাম উল্লেখ না করলে তাঁদের প্রতি ‘অবিচার’ হয়ে যাবে। দলীয় ১১১ রানে পাঁচটি উইকেট নেই। এরপরও ৫ বল বাকি থাকতে আয়ারল্যান্ডের অবিশ্বাস্য জয়ের পেছনে এই দুজনের কৃতিত্বও আসলে অনেকে। প্রথমজন অ্যালেক্স কুসাক, ৪৭ রানের ইনিংস খেলে কেভিন ও’ব্রায়েনকে যথার্থ সঙ্গ দিয়েছেন। অপরজন জন মুনি, অ্যালেক্স কুসাক এবং ও’ব্রায়েনের বিদায়ের পর হাল ধরে ৩৩ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন তিনি। বল হাতেও এই মুনি শিকার করেন চারটি উইকেট।