বিশ্বকাপের বদলে দক্ষিণ আফ্রিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোক টি-টোয়েন্টি, বিশ্বকাপ তো! দেশে এত বড় ক্রিকেট উৎসব চলছে, আর তাঁরা কি না পড়ে আছেন এই দূর দেশে! কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে খুব একটা মাথাব্যথা নেই বাংলাদেশে আসা ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের। তাঁদের চিন্তা-চেতনায় বরং দক্ষিণ আফ্রিকা। ত্রিপক্ষীয় সিরিজে আগামীকাল দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের সঙ্গে খেলা, তাদের নিয়েই তো ভাবতে হবে! কিন্তু ‘এ’ দল নয়, ডাওলিন-স্মিথদের ভাবনায় দক্ষিণ আফ্রিকার জাতীয় দল!টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সব দল ওয়েস্ট ইন্ডিজ ছাড়লেও থেকে যাবেন গ্রায়েম স্মিথরা। ক্রিস গেইলদের বিপক্ষে খেলবেন ২টি টি-টোয়েন্টি, ৫ ওয়ানডে ও ৩ টেস্টের সিরিজ। ওই সিরিজকে পাখির চোখ করেই বাংলাদেশে এসেছে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল। লক্ষ্য এই সিরিজে ভালো করে দক্ষিণ আফ্রিকা সিরিজের দলে জায়গা করে নেওয়া।‘এ’ দলের ম্যাচ মানেই শুধু প্রতিপক্ষের সঙ্গে নয়, লড়াইটা নিজেদের মধ্যেও—জাতীয় দলে ফেরার লড়াই। এই সিরিজে লড়াইটা সবচেয়ে বেশি বলা যায় ওয়েস্ট ইন্ডিজ দলেই, আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন ক্রিকেটার তিন দলের মধ্যে তাঁদেরই সর্বোচ্চ, ৯ জন।অধিনায়ক ট্রাভিস ডাওলিন যেমন মনে করেন, বিশ্বকাপের সময় এই সিরিজটা তাঁদের জন্য ভালোই হয়েছে, ‘বিশ্বকাপের সময় সফরটা হওয়ায় একদিকে ভালো হয়েছে। দল থেকে বাদ পড়ারা বুঝতে পারবে, ভালো করতে বিশ্বকাপ খেলা হতো তাদের। আর যারা দলের ঢোকার স্বপ্ন দেখছে, তাদের স্বপ্নের সীমানাটা আরও বেড়ে যাবে। বুঝতে পারবে এই সফরে ভালো খেললে এমন বড় টুর্নামেন্টে মূল দলের হয়ে খেলতে পারবে।’ সুযোগ কাজে লাগাতে না পারার অনুতাপে পুড়ছেন ডাওলিনও, ‘এমনিতে ঘরোয়া টি-টোয়েন্টিতে আমার রেকর্ড খারাপ নয় (১২ ম্যাচে গড় ৫০.১২)। আসলে অস্ট্রেলিয়া সফরে ওয়ানডেতে খারাপ করাটাই কাল হয়েছে।’ অস্ট্রেলিয়ায় ৫ ওয়ানডেতে করেছিলেন ১১ রান, অনুতাপ তো হবেই। অধিনায়কের দলে আছেন পেসার লায়নেল বেকারও। ৪ টেস্ট, ১০ ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলেও জায়গা পাকা করতে না পারায় দায় নিচ্ছেন তিনি নিজেই। দলে ফেরার প্রতিজ্ঞার সঙ্গে ছোট্ট একটা আফসোসও আছে ছোট্ট দ্বীপ লিওয়ার্ড আইল্যান্ডের প্রথম টেস্ট ক্রিকেটারের, ‘কদিন পরই দক্ষিণ আফ্রিকা সিরিজ, এখানে ভালো করলে দলে ফেরা যাবে। তবে বিশ্বকাপ হচ্ছে, এ মুহূর্তে দেশে থাকলে মজা কম হতো না!’ নিজের দায় এড়াতে পারেন ডেভন স্মিথও। এই সিরিজের তিন দলের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ স্মিথ, যদিও ৩১ টেস্ট ও ৩২ ওয়ানডে খেললেও রেকর্ডটা বলার মতো নয়। কিন্তু টি-টোয়েন্টির কথা আলাদা, ৬টি টি-টোয়েন্টিতে তাঁর রান ৬১, ৩৫, ৫১, ৭, ১২, ৩৭। সর্বশেষ ম্যাচে ২৭ বলে ৩৭ করার পরও বাদ পড়েছেন। নিজের দেশে বিশ্বকাপ খেলতে না পারায় স্মিথ দায়ী করছেন ভাগ্যকে, ‘আসলে আমার ভাগ্যটাই খারাপ, নিজেও জানি না টি-টোয়েন্টি থেকে কেন বাদ পড়লাম। কিছুটা তো হতাশ বটেই। তবে তার মানে এই না যে আমি ভেঙে পড়েছি। আমি লড়ব, সামনেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ...।’ বিশ্বকাপ খেলতে পারতেন ড্যারেন ব্রাভোও। বিশ্বকাপের আগের সিরিজেই জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছেন, তবে প্রথম বলেই আউট হওয়ায় জায়গা হারিয়ে ডোয়াইন ব্রাভোর ছোট ভাইকে আসতে হয়েছে বাংলাদেশে। নিজে না পারলেও দলের জন্য জানিয়েছেন শুভকামনা। প্রায় একই রকম ভাবনা প্যাসকাল, ওয়াল্টন, ফিলিপসদেরও। তার মানে এই নয় বিশ্বকাপ তাঁদের মাথায় নেই। অনুশীলন থাকে বলে রাত জেগে খেলা দেখা হয় না প্রায় কারও, কিন্তু খোঁজখবর ঠিকই রাখেন। তবে সবারই মূল ভাবনা এই সফরে ভালো করে জাতীয় দলে ফেরা বা জায়গা পাওয়া, যাতে আর কোনো বড় টুর্নামেন্টে এভাবে উদাসীন থাকতে না হয়!