বিশ্বকাপের বাইরে সোহেল তানভীর
দুই অন্যতম সেরা ফাস্ট বোলার মোহাম্মদ আসিফ, মোহাম্মদ আমির নেই। বিশ্বকাপে পাকিস্তানের পেস আক্রমণে রাখা হয়েছে শোয়েব আখতার, উমর গুল, সোহেল তানভীর ও ওয়াহাব রিয়াজকে। তবে বিশ্বকাপ শুরুর আগেই একটা দুঃসংবাদ শুনতে হচ্ছে পাকিস্তানি সমর্থকদের। চোটের কারণে শেষ হয়ে গেছে বাঁ-হাতি ফাস্ট বোলার সোহেল তানভীরের বিশ্বকাপ!দুই বছর ধরে হাঁটুর সমস্যায় ভুগছেন তানভীর। কয়েকটা ম্যাচে দলে আছেন তো, কয়েক ম্যাচ দলের বাইরে। সর্বশেষ পাকিস্তানের নিউজিল্যান্ড সফরের দলেও ছিলেন তানভীর। অংশ নেন ছয়টি ওয়ানডের পাঁচটিতে। উইকেট নেন চারটি।পাকিস্তান ক্রিকেট বোর্ডের একটি মেডিকেল প্যানেল জানিয়েছে, হাঁটুর অস্ত্রোপচারের পর ফিট মনে হলেও নিউজিল্যান্ড সফরে তানভীরের বোলিংয়ে বেশ দুর্বলতা দেখা গেছে। গতিও আগের মতো ছিল না। শতভাগ ফিটনেস অর্জন করতে তাঁর আরও কিছু সময় প্রয়োজন।তানভীরের দুর্দিনে কপাল খুলতে যাচ্ছে জুনায়েদ খানের। তাঁর বদলি হিসেবে দলে আনা হতে পারে ২১ বছর বয়সী ফাস্ট বোলার জুনায়েদকে। প্রায় এক বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার অপেক্ষায় ছিলেন তিনি। ক্রিকইনফো।