বিশ্বকাপের ভাইয়েরা

একজন ফুটবলারের জন্য বিশ্বকাপের মঞ্চে খেলার চেয়ে উত্তেজনার চেয়ে বড় কিছু কী হয়! আর দুই ভাইয়ের যদি একসঙ্গেই সে সুযোগ মেলে, তা হলে তো কথাই নেই। প্রতিবারের মতো এই বিশ্বকাপেও খেলছে বেশ কিছু ভাইদের জুটি। এবার ভাইদের জুটির সংখ্যা চার। এর মধ্যে একটি জুটির দুজন তো খেলছেন দুটি ভিন্ন দলের হয়ে। শুধু তাই নয়, সেই দুটো দল এবারও মুখোমুখি বিশ্বকাপে। মুখোমুখি দুই ভাই!
হন্ডুরাসের হয়ে এবার মাঠে নামবেন প্যালাসিওস ভাইয়েরা। উইলসন ও জেরি প্যালাসিওসের আরেক ভাই জনিও ফুটবলার । যদিও ২৩ জনের দলে সুযোগ পাননি। না হলে এই বিশ্বকাপে একমাত্র দল হিসেবে তিন সহোদর নিয়ে মাঠে নামতে পারত হন্ডুরাস। প্যালাসিওসদের চতুর্থ ভাই এডউইন কিডন্যাপ হন ২০০৭ সালে। দুই বছর পর তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। এবারের বিশ্বকাপে উইলসন ও জেরি গোল করতে মুখিয়ে আছেন। গোলগুলো যে মৃত ভাইকে উত্সর্গ করতে চান!
অবশ্য ভাইয়ের প্রতি ভালোবাসার টানের দিক থেকে বাকি সবাইকে পেছনে ফেলবেন রাশিয়ার বেরেজুতস্কি ভাইয়েরা। যমজ দুই ভাই অ্যালেক্সেই ও ভাসিলি ৩১ বছরের এই জীবনটায় সব কাজেই বলতে গেলে একসঙ্গে ছিলেন। খেলছেনও একই ক্লাব সিএসকেএ মস্কোতে, দুজনের বিচরণও রক্ষণভাগে। ২০ জুন বিশ্বকাপ চলার সময়েই এবার একসঙ্গে জন্মদিন পালন করবেন। দুজনের একতা নিশ্চয়ই রাশিয়ান রক্ষণভাগে জোগাবে বাড়তি শক্তি।
আইভরি কোস্টের তোরে ভাইয়েরা তো নিজ দলেরই বড় তারকা। ইংলিশ লিগে খেলা ইয়াইয়া ও কোলো দুজনেই সাদা হাতিদের দলের দুই প্রধান শক্তি। এবারও নিশ্চয়ই ফুটবল বিশ্বের চোখ থাকবে দুই ভাইয়ের দিকে।
বাকিদের থেকে অনেকটাই আলাদা বোয়েটাং ভাইয়েরা। জার্মানি ও ঘানার মধ্যকার ম্যাচে গত বিশ্বকাপেই দুই ভাই করে ফেলেছেন একে অপরের মুখোমুখি খেলার রেকর্ড। জার্মান দলের রক্ষণ সামলানো জেরোম বোয়েটাংয়ের সত্ভাই কেভিন প্রিন্স বোয়েটাং এবারও ঘানার মধ্য মাঠের ভরসা। চার বছর আগে এফএ কাপ ফাইনালে কেভিনের বাজে ট্যাকলের শিকার হয় বিশ্বকাপ শেষ হয়ে যায় সেসময়ের জার্মান অধিনায়ক মাইকেল বালাকের। যেকারণে জার্মান শিবিরে জেরোমকে পড়তে হয় সতীর্থদের রোষে।
দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক শীতল হয়ে পড়ে তখন থেকেই। ভাগ্যের ফেরে জার্মানি ঘানা দু দলই এবার এক গ্রুপে। তাই দুই ভাইকে এবারও নামতে হবে পরস্পরে বিপক্ষে।