বিশ্বকাপের ভালো প্রস্তুতি চায় ব্রিজ
বাংলাদেশের কয়টা খেলার সুযোগ হয় বিশ্বকাপে যাওয়ার! ক্রিকেট, কাবাডি বা হালে রোলার স্কেটিংয়ের নাম বলে থামতে হবে। দাবা অলিম্পিয়াডে দলগতভাবে খেলে বাংলাদেশ। বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে ব্যক্তিগতভাবে বাংলাদেশের খেলোয়াড়েরা সুযোগ করে নেন অনেক সময়ই। এ ছাড়া বিশ্বকাপের বাছাই খেলার সুযোগও মেলে। কিন্তু চূড়ান্ত পর্বে যাওয়ার সামর্থ্য নেই ফুটবলসহ জনপ্রিয় আরও অনেক খেলারই। তাই বাছাই পেরিয়ে যেকোনো খেলার মূল বিশ্বকাপে পা রাখতে পারা বলার মতো ঘটনাই। সেই কাজটা করতে পেরে বাংলাদেশ ব্রিজ দল এখন খুবই রোমাঞ্চিত।
হওয়ারই কথা। আগামী ১২-২৬ আগস্ট ফ্রান্সের লিঁওতে ২২ দলের ৪৩তম ব্রিজ বিশ্বকাপে বাংলাদেশ প্রথমবারের মতো খেলবে যে সরাসরি যোগ্যতা অর্জন করেই। কিছুদিন আগেই অবশ্য ওয়াইল্ড কার্ড নিয়ে জুনিয়র ব্রিজ বিশ্বকাপে খেলার সুযোগ হয়েছে বাংলাদেশের। তবে ১৯৭৭ সালে ঢাকায় ব্রিজ ফেডারেশন প্রতিষ্ঠার পর এত দিন বাছাইয়ে খেলে এলেও বাংলাদেশ এবার দক্ষিণ এশিয়ান ও মধ্যপ্রাচ্য অঞ্চলে (চতুর্থ জোন) ১২ দলের গ্রুপে কদিন আগে দুবাইয়ে রানার্সআপ হয়ে অধরা ‘চাঁদ’ হাতে পেয়েছে (ভারত হয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন)।
কিন্তু ব্রিজ খেলাটা বাংলাদেশে এখনো প্রচলিত বা জনপ্রিয় নয়। বিশ্বকাপে সুযোগ পাওয়ার সুবাদে যা একটু আলোচনায় এসেছে এখন। তবে বাংলাদেশ ব্রিজ ফেডারেশনের সভাপতি মুশফিকুর রহমান মোহন জানালেন, এখানেই না থেমে খেলাটা আস্তে আস্তে সারা দেশে ছড়িয়ে দেওয়ার কিছু পরিকল্পনা তাঁরা নিয়েছেন। তা বাস্তবায়ন অবশ্য সময়সাপেক্ষ এবং সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষণার ওপর নির্ভর করছে মনে করে ব্রিজ ফেডারেশন।
সব এক পাশে রেখে আপাতত ব্রিজের সামনে বড় চ্যালেঞ্জ বিশ্বকাপের জন্য ভালো প্রস্তুতি নেওয়া। এত দিন এদিক-সেদিক নানা জায়গায় অনুশীলন করেছে দলটি। কিন্তু ব্রিজ ফেডারেশনের হাতে এমন কোনো নির্দিষ্ট জায়গা নেই, যেখানে বিশ্বকাপের জন্য একটানা খেলাটার চর্চা করবে।
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে একটা অফিসকক্ষ বরাদ্দ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ, কিন্তু ওই এক চিলতে জায়গায় খেলা দূরের কথা, ফেডারেশনের সভাই নাকি করা যায় না। অথচ বিশ্বকাপের মতো মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট দরজায় কড়া নাড়ছে। শুধু যাওয়ার জন্যই যাওয়া নয়, ফেডারেশনের সভাপতি চান চূড়ান্ত পর্বের অংশগ্রহণ অর্থবহ করে তুলতে, ‘ব্রিজ বিশ্বকাপটা দুই বছর পরপর হয়। ভবিষ্যতেও আমরা বিশ্বকাপে খেলতে চাই। সে জন্য ভালো কিছু করার তাগিদ আছে আমাদের। অথচ আর্থিক বা আর সব সমস্যা বাদই দিলাম, শুধু জায়গার অভাবে আমরা ভালো প্রস্তুতি নিতে পারছি না ব্রিজ বিশ্বকাপের জন্য।’
আগামী বছর জাকার্তা এশিয়ান গেমস, কিংবা আরও সামনে ২০২০ টোকিও অলিম্পিকেও ব্রিজ থাকছে। এসব প্রতিযোগিতা সামনে রেখে ব্রিজ ফেডারেশন বলছে, অনেক বড় সুযোগ সামনে। সেই সুযোগ কাজে লাগিয়ে ফেডারেশন চায় দেশকে কিছু সাফল্য এনে দিতে। সেটা অসম্ভব মনে করেন না ব্রিজ খেলোয়াড়-কর্মকর্তারা। বাংলাদেশকে স্বপ্ন দেখান কিছু মেধাবী খেলোয়াড়।
সাধারণত তাস খেলায় ভাগ্যের সহায়তা লাগলেও ব্রিজে তা নয়। এখন যে কন্ট্রাক্ট ডুপ্লিকেট ব্রিজ খেলছে বাংলাদেশ, এর জন্য প্রচুর জানাশোনা দরকার। কে কতটা মেধার প্রয়োগ ঘটাতে পারেন, তার ওপরই নির্ভর করছে পয়েন্ট। এখানে ভগ্নাংশ পরিমাণও ভাগ্যের কিছু নেই, পুরোপুরি বুদ্ধির খেলা!
এটি অন্তত দুই দলের খেলা এবং তা দুই টেবিলে। প্রতি দলে খেলোয়াড় চারজন। ধরা যাক বাংলাদেশ আর ফ্রান্সের খেলা। ফ্রান্স উন্মুক্ত কক্ষে উত্তর-দক্ষিণে বসলে বাংলাদেশ বসবে পূর্ব-পশ্চিমে। বদ্ধ কক্ষে এটা হয়ে যাবে উল্টো। খেলোয়াড়দের এখানে উদ্ভাবনী ক্ষমতা দেখাতে হবে। সাজিদ ইস্পাহানির নেতৃত্বে সেটা বাছাই পর্বে দেখাতে পেরেছে বলেই বাংলাদেশ এখন ব্রিজ বিশ্বকাপের মঞ্চে!