বিশ্বকাপের রেফারিং জঘন্য: ম্যারাডোনা
তিনি কখনোই আনুষ্ঠানিকতার ধার ধারেন না। যেটা মনে আসে, মুখে সেটা বলে ফেলেন। বলার আগে একবারও চিন্তা করেন না কে কী ভাবল। এটাই ম্যারাডোনার ধরন। ব্যাপারটি যদি আপনার কাছে বিরক্তিকর ঠেকে, তাহলে বুঝতে হবে, আপনি ম্যারাডোনাকে চেনেন-ই না। এই যেমন আজ জার্মানির বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে বিশ্বকাপের রেফারিংকে একহাত নিয়ে নিলেন বিশ্বফুটবলের সর্বকালের অন্যতম সেরা এ তারকা। আর্জেন্টিনার কোচ হয়েও নিজেকে আনুষ্ঠানিকতার বেড়াজালে বন্দী করে রাখলেন না। জানিয়ে দিলেন এবারের বিশ্বকাপের রেফারিং নিয়ে খুবই বিরক্ত তিনি।গত দুই দিন ধরে জার্মানি শিবির থেকে আর্জেন্টিনার দিকে একের পর এক গোলা ছুটে আসছে। শোয়েনস্টাইগার বলেছেন, ‘আর্জেন্টিনার খেলোয়াড়েরা মাঠে অভিনয়কলায় দারুণ পারদর্শী। সবসময়ই এ দলটির খেলোয়াড়েরা অভিনয় করে রেফারিকে বিভ্রান্ত করে।’ জার্মান অধিনায়ক ফিলিপ লাম বলেছেন, ‘আর্জেন্টাইন চরিত্রই অখেলোয়াড়সুলভ। তারা কখনোই হার মেনে নিতে পারে না।’ এসব কথার তীরে ম্যারাডোনাকে বিদ্ধ করেছে ঠিকই, জবাবও দিয়েছেন কোনোটির। কিন্তু কাল শুক্রবার কেপটাউনের গ্রিন পয়েন্ট স্টেডিয়ামে ম্যারাডোনা সে সবের ধারে কাছেও গেলেন না। স্পষ্ট ভাষায় বলেছেন, ‘বিশ্বকাপে রেফারিংয়ের নামে যা হচ্ছে, তা এক কথায় জঘন্য।’‘পর্তুগালের বিপক্ষে স্পেন বরাবরই রেফারির সদয়দৃষ্টি পেয়েছে। ওই ম্যাচে ডেভিড ভিয়া যে গোলটি করেছেন, তা যদি অফসাইড না হয়, তাহলে ফুটবল থেকেই অফসাইড ব্যাপারটি তুলে দেওয়া উচিত।’ বলছিলেন ডিয়েগো ম্যারাডোনা। তিনি বলেছেন, ওই ম্যাচের প্রতিটি ‘ফিফটি- ফিফটি’ ব্যাপারই স্পেনের পক্ষে গেছে।’আজকের জার্মানি-আর্জেন্টিনা ম্যাচ নিয়ে মন্তব্য করতে গিয়ে ম্যারাডোনা বলেন, ‘ইংল্যান্ডকে জার্মানি ৪-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে বলে ভাববেন না যে তারা একই ব্যাপার আর্জেন্টিনার বিপক্ষেও ঘটাবে। ইংল্যান্ডই সেদিন মাঠে নিজেদের ভুলেই জার্মানিকে এত বড় ব্যবধানে জয়ের সুযোগ করে দিয়েছে।’ইংল্যান্ড-জার্মানি ম্যাচের রেফারিং নিয়েও বেজায় ক্ষিপ্ত ম্যারাডোনা। তিনি বলেন, ‘ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের যে শটটি গোললাইন অতিক্রম করার পরও রেফারি বাতিল করে দিলেন, তা যদি গোল না হয়, তাহলে গোল কোনটা?’ এর পরই তিনি রসিকতা করে বলেন, ‘ওটা এমনই নিশ্চিত গোল যতটা নিশ্চিত ছিল ১৯৯৬ সালের ফাইনালে জার্মানির গোল বাতিলের দাবিটি।’তিনি ইংল্যান্ড-জার্মানি ম্যাচে ল্যাম্পার্ডের গোলটি বাতিল করার জন্য রেফারির মূর্খতাকে দায়ী করেন। তিনি বলেন, ‘অনেকে বলছেন, ব্যাপারটি রেফারির দৃষ্টি এড়িয়ে গেছে। কিন্তু আমার কথা হচ্ছে, মাঠের একটি ব্যাপার যদি রেফারির দৃষ্টি এড়িয়ে যায়, তাহলে রেফারি রাখারই দরকার কী সেটাই তো বুঝতে পারছি না। ম্যারাডোনা বলেন, ‘ফুটবলে গোললাইন প্রযুক্তি চালু না হলে এ ধরনের বিতর্ক চলতেই থাকবে। এজন্য গোললাইন প্রযুক্তিটা খুবই দরকার।’