বিশ্বকাপের রোড শো চাঁদপুর ও নওগাঁয়
২০১১ বিশ্বকাপের স্বাগতিক দেশ হিসেবে গোটা জাতিকে ক্রিকেট-চেতনায় উজ্জীবিত করতে দেশব্যাপী চলছে বিশেষ রোড শো ‘ক্যাচ বাংলাদেশ ক্যাচ’। গতকাল এই রোড শো পৌঁছেছে চাঁদপুর ও নওগাঁয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বড় ডিসপ্লে বোর্ডে বিশ্বকাপ ক্রিকেট ইতিহাসের স্থির ও সচল চিত্র প্রদর্শিত হয়, হয়েছে মনোমুগ্ধকর সংগীতানুষ্ঠানও।চাঁদপুরের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি প্রিয়তোষ সাহা। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোতিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা। এর আগে রোড শো উপলক্ষে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা হয়। মূল আয়োজন শেষে দর্শকদের অংশগ্রহণে একটি ক্যাচ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয় এতে। চাঁদপুর থেকে কাল রোড শোটি লক্ষ্মীপুরের উদ্দেশে রওনা হয়েছে।নওগাঁর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোসাম্মৎ নাজমনারা খানম। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানেও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নওগাঁ থেকে রোড শোটি নাটোরের উদ্দেশে রওনা দিয়েছে কালই।এর আগে গত পরশু ‘ক্যাচ বাংলাদেশ ক্যাচ’ রোড শো উপলক্ষে পঞ্চগড়ে আয়োজিত হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা, সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শোভাযাত্রায় জেলা ক্রীড়া সংস্থা, বিভিন্ন ক্লাব, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। সকালে মুক্তিযুদ্ধ স্মৃতি চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় অডিটরিয়ামে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সাংসদ মো. মজাহারুল হক প্রধান উপস্থিত ছিলেন।