বিশ্বকাপের শুভেচ্ছা দূত পেলে
বিশ্বকাপ ফুটবলের আরও তিন বছর বাকি। আয়োজক ব্রাজিল। কিন্তু ২০১৪ সালে অনুষ্ঠেয় এই বিশ্বকাপে ব্রাজিলকে বিশ্বদরবারে তুলে ধরবেন কে? ফুটবলের ‘রাজার’ দেশে তাঁকে বাদ দিয়ে আর কাউকে খোঁজার প্রয়োজন হয়নি। বিশ্বকাপে শুভেচ্ছা দূত হিসেবে কাজ করার প্রস্তাব দিয়েছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রওসেফ। সেই প্রস্তাব সানন্দে গ্রহণ করেছেন পেলে।‘নিজের প্রথম বিশ্বকাপ (১৯৫৮ সাল) থেকেই কাজটি করে যাচ্ছি আমি। দেশের হয়ে কথা বলছি, ব্রাজিলকে তুলে ধরার চেষ্টা করছি। এটা অনেক বড় দায়িত্ব। এটা এমন সম্মান, যা ফিরিয়ে দেওয়ার মতো নয়’—বলেছেন পেলে।১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০—ব্রাজিলকে তিনটি বিশ্বকাপ এনে দিয়েছেন পেলে। গোটা ক্যারিয়ারে এক হাজার ২৮১ গোল করে সর্বকালের সেরা গোলদাতার মর্যাদা পেয়েছেন। ব্রাজিলের ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, বিশ্বকাপের শুভেচ্ছা দূতের ক্ষেত্রে পেলেই ছিলেন ‘স্বাভাবিক’ পছন্দ, ‘ব্রাজিল ফুটবলের জন্য তিনি সবকিছু করেছেন। বিশ্ব ফুটবলের নাড়ি-নক্ষত্র তাঁর জানা। পেলে বিশ্বকাপে আমাদের তুলে ধরবেন।’ ওয়েবসাইট।