বিশ্বকাপের শুরুর কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উরুগুয়ের প্রথম বিশ্বকাপজয়ী দল
উরুগুয়ের প্রথম বিশ্বকাপজয়ী দল

বিশ্বকাপ, দ্য গ্রেটেস্ট শো অন আর্থের পর্দা ওঠার আর মাত্র ৩০ দিন বাকি। দুরু দুরু বুকে ফুটবলপ্রেমীরা ক্ষণগণনা শুরু করে দিয়েছেন নিশ্চয়ই। শুরু হয়েছে প্রথম আলো অনলাইনেরও ‘কাউন্ট ডাউন’। প্রতিদিন ধারাবাহিকভাবে ক্ষণগণনা নিয়ে একটি বিশেষ রচনা থাকছে। আজ থাকছে ‘৩০’ সংখ্যাটি নিয়ে—
প্রতি চার বছর পর পুরো বিশ্বই মেতে ওঠে এক মহাযজ্ঞে। পুরো বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে পড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা। এই সবকিছুর শুরুটা হয়েছিল ১৯৩০ সালে। উরুগুয়েতে বসেছিল প্রথম বিশ্বকাপের আসর।
১৯৩০ সালের আগে অলিম্পিকই ছিল ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতা। কিন্তু ১৯৩২ সালের অলিম্পিকে ফুটবল আর থাকবে না বলে ঘোষণা আসে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির পক্ষ থেকে। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েই ফুটবল বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা করেছিল ফিফা।
১৯৩০ সালে প্রথম বিশ্বকাপের আয়োজক হিসেবে বেছে নেওয়া হয়েছিল উরুগুয়েকে। কারণ তারাই ছিল সে সময়ের ফুটবল বিশ্বের সবচেয়ে সফল দল। ১৯২৪ ও ১৯২৮ সালের দুইটি অলিম্পিকেই সোনা জিতেছিল উরুগুয়ে। তবে ফিফার এই সিদ্ধান্তে খুশি হতে পারেনি ইউরোপের দেশগুলো। অনেক কাঠখড় পুড়িয়ে লাতিন আমেরিকায় গিয়ে বিশ্বকাপে অংশ নিতে রাজি হয়নি ইংল্যান্ড, ইতালি, জার্মানি ও স্পেনের মতো দেশগুলো। ফিফার সভাপতি জুলে রিমে অনেক কষ্টে রাজি করিয়েছিলেন বেলজিয়াম, ফ্রান্স, রোমানিয়া ও যুগোস্লাভিয়াকে। দক্ষিণ আমেরিকা থেকে অংশ নিয়েছিল সাতটি দেশ। এ ছাড়া ছিল মেক্সিকো আর যুক্তরাষ্ট্র।

১৩টি দলকে চারটি গ্রুপে ভাগ করে শুরু হয়েছিল প্রথম পর্বের লড়াই। গ্রুপ চ্যাম্পিয়ন চারটি দল খেলেছিল সেমিফাইনালে। ফাইনালে আর্জেন্টিনাকে ৪-২ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল উরুগুয়ে।

বিশ্বকাপের প্রথম গোলটি করেছিলেন ফ্রান্সের লুসিয়েন লরেন্ত।