বিশ্বকাপের সর্বকনিষ্ঠ অধিনায়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টনি মেওলা
টনি মেওলা

বিশ্বকাপ, দ্য গ্রেটেস্ট শো অন আর্থের পর্দা ওঠার আর মাত্র ২১ দিন বাকি। দুরু দুরু বুকে ফুটবলপ্রেমীরা ক্ষণগণনা শুরু করে দিয়েছেন নিশ্চয়ই। শুরু হয়েছে প্রথম আলো অনলাইনেরও ‘কাউন্ট ডাউন’। প্রতিদিন ধারাবাহিকভাবে ক্ষণগণনা নিয়ে একটি বিশেষ রচনা থাকছে। আজ থাকছে ‘২১’ সংখ্যাটি নিয়ে—

১৯৫৪ থেকে ১৯৮৬। টানা নয়টি বিশ্বকাপে খেলার সুযোগ পায়নি যুক্তরাষ্ট্র। কিন্তু ১৯৯০ সালে দীর্ঘদিন পর বিশ্বকাপে অংশ নিয়েই তারা চমকে দিয়েছিল সবাইকে। অধিনায়কত্বের বাহুবন্ধনী তুলে দিয়েছিল মাত্র ২১ বছর বয়সী টনি মেওলার হাতে। বিশ্বকাপের সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে আজও টিকে আছে মার্কিন এই গোলরক্ষকের নাম।

১৯৮৮ সালের জুনে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়েছিল মেওলার। খুব দ্রুতই আস্থা অর্জন করে নিয়েছিলেন যুক্তরাষ্ট্রের তত্কালীন কোচ বব গ্যান্সলারের। ১৯৯০ সালের বিশ্বকাপেও ২১ বছর বয়সী এই তরুণকেই দিয়েছিলেন গোলবার সামলানোর ভার। সেটাতে খুব বেশি বিস্ময়ের কিছু ছিল না। কিন্তু মেওলার হাতেই অধিনায়কত্বের বাহুবন্ধনী দেখে নিশ্চয়ই অবাক হয়ে গিয়েছিলেন অনেকে। ৯০ সালের বিশ্বকাপটা অবশ্য খুবই হতাশাজনকভাবেই শেষ করেছিলেন মেওলা। তিনটি ম্যাচ হেরেই যুক্তরাষ্ট্র বিদায় নিয়েছিল গ্রুপ পর্ব থেকে।

১৯৯৪ সালের বিশ্বকাপেও যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দিয়েছিলেন মেওলা। নিজেদের মাটিতে সেবার যুক্তরাষ্ট্র গিয়েছিল দ্বিতীয় রাউন্ড পর্যন্ত।