বিশ্বকাপের সেই মাঠ আর নেই
বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে নগরের টাইগার পাস মোড়ে বসানো রয়েল বেঙ্গল টাইগারটি এখনো আছে। তবে সেটির গায়ের রং এখন ধূসর। নিমতলা মোড়ে ক্রিকেটারদের ভাস্কর্যগুলো ধুলোমলিন। ভেঙেও গেছে কয়েকটি। আর সেই সময়ে নির্মিত সড়কগুলোর অবস্থাও করুণ। এরই মধ্যে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দল গতকাল সন্ধ্যায় পা রেখেছে চট্টগ্রামে। ওয়েস্ট ইন্ডিজ এই প্রথম খেলবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। তাদের কাছে এটা তাই নতুনই মনে হবে। তবে বাংলাদেশের ক্রিকেটারদের কাছে বিশ্বকাপের সময়কার মাঠ আর এবারের মাঠের কিছু পরিবর্তন চোখে পড়বে। সবুজ মাঠটি স্থানে স্থানে এখন লালচে আকার ধারণ করেছে। সপ্তাহ খানেক আগেও এই মাঠে পানি ছিল। বিশ্বকাপের আগেও এ রকম লালচে ছিল মাঠটি। পরে গলফ মাঠের কর্মীদের দিয়ে অল্প সময়ের মধ্যে সবুজাভ আবরণ দেওয়া হয়েছিল। ছয় মাস যেতেই এখন আবার সেই আগের চেহারা। মাঠকর্মীদের মতে পানি জমে ঘাস মরে যাওয়ার কারণে এ রকম হয়েছে।কিউরেটর জাহিদ রেজা অবশ্য আচরণবিধির দোহাই দিয়ে তেমন কিছু বললেন না। ‘ছয় দিন আগেও এখানে পানি ছিল’—এটুকুই শুধু জানা গেল তাঁর কাছ থেকে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পানিনিষ্কাশন-ব্যবস্থার এই ছবি নতুন নয়। অতীতে সামান্য বৃষ্টির কারণেই ভারত ও জিম্বাবুয়ের সঙ্গে দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল এখানে। এখন হেমন্তকাল। মৌসুমি বায়ুও বিদায় নিয়েছে। তাই বৃষ্টির আশঙ্কা খুব একটা নেই। তবে যদি আধঘণ্টার বৃষ্টিও হয়ে যায়, তাহলে তৃতীয়বারের মতো চট্টগ্রামের দর্শকদের হতাশায় ডোবার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসেও কোথাও কোথাও হালকা বৃষ্টির আশঙ্কা কথা বলেছে আবহাওয়া দপ্তর। তবে বৃষ্টির সঙ্গে লড়তে পুরো মাঠ ঢাকার মতো কাভারের ব্যবস্থা রাখা হয়েছে।মাঠের কথা তো গেল। সাগরিকা থেকে স্টেডিয়াম পর্যন্ত সড়কটির দুই পাশে ও মাঝখানে করা বাগানের গাছ এখন বেশ বড় হয়েছে। তবে এই সড়ক ধরে যেতে কোরবানির পশুর হাটের উৎকট গন্ধ নাকে আসতে পারে। স্টেডিয়াম সীমানায় ঢুকতেই ডানে-বাঁয়ে চোখে পড়বে বড় বড় ঘাসের মাঠ। বিশ্বকাপের সময় এসব স্থানে ফুলের বাগান করার কথা ছিল। তখন সময়স্বল্পতার কারণে এটা হয়নি। পরে সেটা বাতিলের খাতায়ই চলে গেছে। তবে কিছু কিছু ফুলের টব রাখা হয়েছে মূল স্টেডিয়ামের প্রবেশপথে।বিকল হয়ে পড়েছিল লিফটও। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টেস্ট ও একদিনের ম্যাচ সামনে রেখে সেটি পুনরায় সচল করা হয়েছে। নিরাপত্তার অভাবে চুরি হয়ে গেছে অসংখ্য বাথরুম ফিটিংস ও লাইট। সেগুলোও আবার লাগানো হয়েছে। গ্যালারির চেয়ারগুলোর ধোয়ামোছা চলছে। গ্যালারিতে লাগানো ইলেকট্রনিক স্কোর বোর্ডটি কাল পরীক্ষা করে দেখা হয়েছে। সেখানে ভেসে উঠেছে—‘ওয়েলকাম, বাংলাদেশ।’এর মধ্যে সিরিজ খোয়ানো বাংলাদেশ দল হোয়াইটওয়াশ বাঁচানোর লক্ষ্যেই চট্টগ্রাম এসেছে। কাল বিকেলে এসেছে ওয়েস্ট ইন্ডিজ দলও। শিবনারায়ণ চন্দরপলসহ শুধুই টেস্ট সিরিজের জন্য নির্বাচিত ছয়জন খেলোয়াড়ও সরাসরি এসে পৌঁছেছেন চট্টগ্রামে।