বিশ্বকাপের সেমিতে চোখ গিবসনের
প্রথম দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে একসময় চোখ বুজেই ফাইনালে দেখত সবাই। ওয়েস্ট ইন্ডিজের সেই দিন আর নেই, এখন সেমিফাইনালে ওঠাটাই তাদের কাছে অনেক বড় ব্যাপার। ওয়েস্ট ইন্ডিজের কোচ ওটিস গিবসন এবার মনে করছেন, তাঁর অননুমানযোগ্য দলটি সব প্রতিকূলতাকে জয় করে সেমিফাইনালে খেলবে। ওয়েস্ট ইন্ডিজ সর্বশেষ সেমিফাইনাল খেলেছে তিনটি বিশ্বকাপ আগে, ১৯৯৬ বিশ্বকাপের সেই সেমিফাইনালে তারা অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল মাত্র ৫ রানে।ওয়েস্ট ইন্ডিজ আগামী পরশু শুরু তিন ম্যাচের ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার মুখোমুখি হবে শ্রীলঙ্কার মাটিতে। বিশ্বকাপের আগে উপমহাদেশের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার দারুণ সুযোগ এনে দেবে এটি ড্যারেন স্যামির নেতৃত্বাধীন দলকে।শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেওয়ার আগে পরশু গিবসন বলেছেন, ‘আমি মনে করি যে দল আমি পেয়েছি সেটি বিশ্বকাপ জিততে পারে। খুবই ভালো করার প্রত্যাশা নিয়ে আমরা বিশ্বকাপে যাচ্ছি এবং যাতে সেমিফাইনালে পৌঁছাতে পারি সেভাবেই নিজেদের প্রস্তুত করছি। সম্ভাবনাটা খুবই বাস্তবসম্মত।’ ফেবারিট তালিকায় ওয়েস্ট ইন্ডিজের না থাকাটাকেই দলের জন্য ‘ভালো’ হিসেবে দেখছেন গিবসন। এএফপি।