বিশ্বকাপের সেরা একাদশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালাউদ্দিনের বিশ্বকাপের সেরা একাদশ
সালাউদ্দিনের বিশ্বকাপের সেরা একাদশ

পুরো বিশ্বকাপেই প্রথম আলোর সঙ্গে ছিলেন বাংলাদেশের সেরা ফুটবল-বিশ্লেষক কাজী সালাউদ্দিন। ফাইনালের আগে  নির্বাচন করেছেন এই বিশ্বকাপের সেরা একাদশ। সঙ্গে পছন্দের অধিনায়ক-কোচও।

গোলরক্ষক
ম্যানুয়েল নয়্যার (জার্মানি)
শুধু বিশ্বকাপ নয়, নয়্যার ধারাবাহিকভাবেই ভালো খেলছেন। বলের ওপর তীক্ষ্ণ নজর। বাতাসে ও মাটিতে সমান পারদর্শী। অনুমানক্ষমতা দুর্দান্ত। এককথায় পরিপূর্ণ গোলরক্ষক। এই সময়ে নয়্যারের মতো গোলরক্ষক একটা দলের জন্য বিরাট সম্পদ।

ডিফেন্ডার
ফিলিপ লাম (জামানি)
নির্ভরযোগ্য রাইটব্যাক। ভালো পাসার। ওপরে ওঠে আক্রমণে সহায়তা করতে তাঁর জুড়ি নেই। সময়মতো নিচে নামেন। অনেক ডিফেন্ডারই ওপরে উঠে নিচে নামতে নামতে দল গোল খেয়ে যায়। কিন্তু লাম এই সুযোগ দেন না প্রতিপক্ষকে। তাঁর ওপর শতভাগ আস্থা রাখতে পারবেন কোচ।
জেরোম বোয়াটেং (জার্মানি)
সেন্ট্রাল ডিফেন্সে যতটা নিবিড় মনোযোগ দেওয়া দরকার, বোয়াটেংয়ের কাছ থেকে তার চেয়ে বেশি পায় দল। প্রতিপক্ষ খেলোয়াড়দের জায়গা দিতে নারাজ। যে কারণে বোয়াটেংকে হারিয়ে বল নিয়ে বেরোনো যেকোনো খেলোয়াড়ের জন্যই প্রায় অসম্ভব। রক্ষণের স্তম্ভ বলতে যা বোঝায় বোয়াটেং ঠিক তাই। এই বিশ্বকাপের সেরা দুই স্টপারের একজন হিসেবে তাঁকে আমার পছন্দ।
হাভিয়ের মাচেরানো (আর্জেন্টিনা)
কোনো প্রশংসাই যথেষ্ট নয় মাচেরানোর জন্য। ক্লাবে খেলেন মূলত স্টপার হিসেবে, এই বিশ্বকাপে নিজের প্রিয় জায়গা ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলছেন। তবে আমি ব্রাজিল বিশ্বকাপের সেরা একাদশে স্টপারেই রাখব মাচেরানোকে। হল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ওই একটা ম্যাচ বাঁচানো ট্যাকলই মাচেরানোর হয়ে কথা বলছে। এমন পরিচ্ছন্ন ট্যাকলও খুবই কম হয়। একটু এদিক-ওদিক হলেই সর্বনাশ হতে পারত ওই ট্যাকলে। আমার বিশ্বাস, মাচেরানোকে নিলে রক্ষণে নির্ভার থাকতে পারব।
মার্কোস রোহো (আর্জেন্টিনা)
এই বিশ্বকাপের সেরা আবিষ্কার কে? হামেস রদ্রিগেজ অবশ্যই। আক্রমণভাগের খেলোয়াড় বলেই সবার নজর কেড়েছেন তিনি। যদি বলেন এবারের বিশ্বকাপে রক্ষণভাগের সেরা আবিষ্কার কে? আমি বলব মার্কোস রোহোর নাম। হাভিয়ের জানেত্তিকে মনে করিয়ে দিয়েছেন এই তরুণ লেফটব্যাক। প্রয়োজন বুঝে ওপরে উঠে গিয়ে খেলা, আবার ঠিক সময়ে মাঠে নেবে আসা। বয়সের তুলনায় অনেক পরিণত। ম্যাচটা পড়তে পারেন ভালোভাবে।

মধ্যমাঠ
অ্যাঙ্গেল ডি মারিয়া (আর্জেন্টিনা)
আর্জেন্টিনার অন্যতম ভরসার নাম ডি মারিয়া। বেশ ভালো খেলেছেন এই বিশ্বকাপে। দলকে সামনে টেনে আনতে রেখেছেন বড় অবদান। মেসির সঙ্গে ভালোই জমল তাঁর যুগলবন্দী। ডি মারিয়াকে ছাড়া আর্জেন্টিনা দলটা ভাবাই যায় না। আমার দলে মাঝমাঠে অবশ্যই থাকবেন ডি মারিয়া।
বাস্তিয়ান শোয়েনস্টাইগার (জার্মানি)
মাঝমাঠে ব্লক করার জন্য শক্ত-সামর্থ৵ লোক চাই। ভাবনা নেই, আছে শোয়েনস্টাইগার। যেমন রক্ষণে সহায়তা করতে পারেন, তেমনি আক্রমণেও সমান দক্ষ। শোয়েনস্টাইগারকে বল দখলের লড়াইয়ে হারানো কঠিন। জার্মান দলটির আজকের এই অবস্থানে আসার পেছনে শোয়েনস্টাইগারের আছে বড় অবদান। কাজেই আমার দলেও থাকছেন তিনি।
নেইমার (ব্রাজিল)
এমন এক ফুটবলার, যাঁর কোনো ঘাটতি নেই। স্কিল, ড্রিবলিং, ভালো পাস, স্পিড সবই আছে। খেলাটা তৈরি করতে পারেন, নিজে গোলও করেন। নেইমার এক অসাধারণ খেলোয়াড়ের নাম। চোটের কারণে ছিটকে যাওয়ার আগে এই বিশ্বকাপে খেলেছেন নামের প্রতি সুবিচার করেই। তাঁকে বাদ দিয়ে বিশ্বকাপ একাদশ গড়া সম্ভব মনে করছি না।

আক্রমণ
আরিয়েন রোবেন (হল্যান্ড)
গতি খুব ভালো, পরিশ্রমী। সারাক্ষণ ম্যাচের ভেতরে থাকেন। দলকে জেতানোর ক্ষমতা আছে তাঁর। সেই প্রমাণও রেখেছেন। স্বার্থপরতা আছে, সেটিকে ছুড়ে ফেলতে পারলে মাঠে আরও ভালো কিছু দিতে পারেন রোবেন। গোল নষ্ট করারও একটা প্রবণতা আছে। তার পরও রোবেন যতটা তুলে ধরেছেন এই বিশ্বকাপে, সেটিই তাঁকে করতালি দিয়ে অভিনন্দিত করবে।
ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল)
হেডওয়ার্ক দুর্দান্ত। দারুণ ফিনিশারও। ফাঁকা জমিন পেলে ভয়ংকর। ব্রাজিল বিশ্বকাপে দলগতভাবে পর্তুগাল দাগ কাটতে পারেনি। সেটার অনেক কারণ। তবে ব্যক্তিগত নৈপুণ্যে রোনালদো এখনো অনেক কিছু করতে পারেন মাঠে। এ কারণেই আমার বিশ্বকাপ একাদশে রাখছি রোনালদোকে।
লিওনেল মেসি (আর্জেন্টিনা)
তাঁর সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। মাঠে কখন কী করবেন, বলা কঠিন। অন্যদের চেয়ে এটাই মেসিকে আলাদা করে তুলে ধরছে। মেসির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হঠাৎ ম্যাচের ছবিটা বদলে দিতে পারেন। যেটা অন্য কেউ মেসির মতো করে পারেন না। মেসি এখন যেকোনো বিশ্ব একাদশেই অনিবার্য নাম।

অধিনায়ক

ফিলিপ লাম
ফিলিপ লাম


ফিলিপ লাম। অধিনায়ক হিসেবে এখন অনেক পরিণত। ধারাবাহিকতা বেশ ভালো। গত বিশ্বকাপে ছিলেন জার্মানি অধিনায়ক, এবারও তাই। গোটা দেশের আস্থার প্রতীক হয়ে উঠেছেন লাম। প্রচণ্ড চাপের মধ্যে মাথাটা খুব ঠান্ডা রাখতে পারেন। আমি খুবই মুগ্ধ লামের সবকিছুতেই।
ছক ৪-৩-৩
আমার হাতে যে খেলোয়াড় আছে, তার ওপর ভিত্তি করেই ছক কষা। ৪-৩-৩-এ যাওয়ার কারণ আক্রমণাত্মক খেলতে চাইব। মেসি-নেইমার-রোনালদো-রোবেন যে দলে আছে, সেই দলের জন্য অন্য কোনো ছক খুঁজতে যাওয়ার প্রশ্নই নেই। আক্রমণই হবে এই দলের মূলমন্ত্র।

লুই ফন গাল
লুই ফন গাল

কোচ
লুই ফন গাল। হল্যান্ড দলটাকে যেভাবে খেলান, আমার খুবই ভালো লাগে। যখন যেভাবে প্রয়োজন পরিকল্পনা পাল্টান। একটা ছক নিয়ে বসে থাকার লোক নন ফন গাল। তাঁর বিরুদ্ধে আমার অভিযোগ একটাই, আর্জেন্টিনার সঙ্গে সেমিফাইনালে টাইব্রেকারে প্রথম শটটা কেন ডিফেন্ডার রন ভ্লারকে নিতে দিলেন? ওই সময় আর্জেন্টিনার প্রথম শটটা নেন মেসি, তাঁর দেখানো পথে আর্জেন্টিনা পরের শটগুলোও ভালো নিয়েছে। হল্যান্ড সেটা পারেনি। তার পরও ফন গালই আমার চোখে এই বিশ্বকাপের সেরা ট্যাকটিশিয়ান।
এরই মধ্যে কোচ হিসেবে সবার আলাদা নজর কেড়েছেন লুই ফন গাল। ফুটবল-মস্তিষ্ক খুবই ক্ষুরধার। ম্যাচের মধ্যেই ক্ষণে ক্ষণে রণকৌশল পাল্টে প্রতিপক্ষকে ফেলে দিতে পারেন গোলকধাঁধায়। তারই ফসল ঘরে তুলে ব্রাজিল বিশ্বকাপে হল্যান্ডকে তুলে আনেন সেমিফাইনালে। ফাইনালে উঠতে না পারলেও এই বিশ্বকাপের সেরা কোচ ফন গালই।